বারুইপুরে পুকুর সংস্কারের সময় ভেঙে পড়ল সেপটিক ট্যাংক, আতঙ্কিত বাসিন্দারা
  • ২০ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, বারুইপুর: পাম্প দিয়ে জল ছেঁচে পুকুর সংস্কারের কাজ চলছিল। কিন্তু বারুইপুর পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে পঞ্চাননতলার রামমোহনপল্লিতে বুধবার তা করতে গিয়েই হয় বিপত্তি। এক বাসিন্দার বাড়ির পিছনে থাকা সেপটিক ট্যাংক সহ পাশের বাড়ির পাঁচিল ভেঙে পড়ে পুকুরে। মাটিতে নামে ধস। এর জেরে আতঙ্কিত বাসিন্দারা। এমনকী, ওই বাড়ির সামনে থাকা পুকুরের পাড় ঘেঁষা আরও একটি বাড়িও বিপদের মুখে। রাস্তার পাশে থাকা একটি বৈদুতিক বক্স হেলে পড়েছে পুকুরের দিকে। অভিযোগ, কোনো পরিকল্পনা ছাড়াই পুকুর সংস্কার চলছিল। খবর পেয়ে বুধবার সকালে বারুইপুর পুরসভার বাস্তুকাররা ঘটনাস্থলে যান। পুরসভা কর্তৃপক্ষ জানিয়েছে, পুকুর সংস্কারের অনুমতি ছিল না। সেক্ষেত্রে প্রশ্ন ওঠে, কীভাবে অনুমতি ছাড়া এই কাজ হচ্ছে? স্থানীয় কাউন্সিলার সঙ্গীতা কয়াল মণ্ডল বলেন, পুকুর থেকে পানা পরিষ্কারের জন্য পুরসভাকে জানানো হয়েছিল। কিন্তু এরপরে যে জল বের করার কাজ হবে, তা আমাদের জানানো হয়নি। এই পুকুর সংস্কারের কাজ দেখভাল করছিলেন স্থানীয় বিজেপি নেতা চন্দন মণ্ডল। তিনি বলেন, এলাকাবাসীর পক্ষ থেকে পুরসভায় মাস পিটিশন করেছিলাম পুকুর সংস্কারের জন্য। পুরসভার তত্ত্বাবধানে তা পরিষ্কারও হয়। এরপরে পুকুরে একটি স্নানঘাট বাঁধানোর জন্য জল তুলে নেওয়া হচ্ছিল। তখনই হঠাৎ একটি দুর্ঘটনা ঘটে যায়। মেরামতের জন্য কথা বলা হচ্ছে।

Advertisement

পুকুরটির পিছনে থাকেন শিক্ষক পঞ্চানন ময়রা। তাঁর বাড়ি ক্ষতিগ্রস্ত হয়। তিনি বলেন, রাতে ঘুম উড়ে গিয়েছিল বাড়ির অবস্থা দেখে। একটু পরিকল্পনা করে কাজ হলে ভালো হত। আমি কী করে এর ব্যয় সামলাব, ভেবে পাচ্ছি না। কাউন্সিলারকে জানানো হলেও কাজ হয়নি। আমার বাড়ি সহ আশপাশের বাড়িও ক্ষতিগ্রস্ত। পঞ্চাননবাবুর আত্মীয় অনিমেষ হালদার বলেন, পুকুর সংস্কারের ফলে যে ক্ষতি হয়েছে, সেটা অবিলম্বে পুর ও স্থানীয় প্রশাসনের দেখা উচিত। পুরসভার নজরদারি করাও উচিত ছিল। -নিজস্ব চিত্র