


সংবাদদাতা, বোলপুর: সুনীল ছেত্রীর প্রত্যাবর্তন বুঝিয়ে দেয় আমাদের দেশে স্ট্রাইকারের অভাব রয়েছে। শুক্রবার বোলপুরে স্টেজ টু ইন্টার ডিস্ট্রিক্ট টেবিল টেনিস প্রতিযোগিতার উদ্বোধন করতে এসে একথা বলেন ইন্ডিয়ান ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি অজিত বন্দ্যোপাধ্যায়। শুক্রবার ডাকবাংলো স্টেডিয়াম মাঠ লাগোয়া স্পোর্টস অথরিটি অব ইন্ডিয়ার ইন্ডোর স্টেডিয়ামে এদিন টেবিল টেনিস প্রতিযোগিতা আয়োজন করা হয়। এই প্রতিযোগিতায় রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে মোট এক হাজার প্রতিযোগী অংশগ্রহণ করেছেন। বর্ণাঢ্যভাবে যার উদ্বোধন হয় এদিন। প্রতিযোগিতা চলবে আগামী ৮ এপ্রিল পর্যন্ত।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বেঙ্গল ওলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি চন্দন রায়চৌধুরী, ইন্ডিয়ান ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি অজিত বন্দ্যোপাধ্যায়, এসআরডিএ-এর চেয়ারম্যান অনুব্রত মণ্ডল, মন্ত্রী চন্দ্রনাথ সিনহা সহ অন্যান্যরা। চন্দনবাবু ও অজিতবাবুর সঙ্গে টেবিল টেনিস খেলেন অনুব্রত মণ্ডল ও মন্ত্রী চন্দ্রনাথ সিনহা। তার মধ্য দিয়েই প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন হয়। এদিন অরাজনৈতিক মঞ্চেও সিপিএমকে এক হাতে নিতে ছাড়েননি অনুব্রত মণ্ডল। বলেন, বামফ্রন্ট সরকার এই রাজ্য থেকে খেলাধুলো কার্যত মুছে দিতে চেয়েছিল। সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় খেলাধুলোর জন্য ৮০০ কোটি টাকা বাজেট রেখেছেন। মা-বাবাদের অনুরোধ, ছেলেমেয়েদের হাতে মোবাইল না দিয়ে মাঠে খেলতে পাঠান। মোবাইল সর্বনাশা জিনিস। এরপর বিশ্বভারতীর প্রাক্তন উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীকে এক হাতে নিয়ে বলেন, উনি বিশ্বভারতী থেকে রবীন্দ্রনাথের নাম মুছে দিতে চেয়েছিলেন। ঈশ্বর আছেন, তাই পারেননি। অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে অজিতবাবু বলেন, ভারতে স্ট্রাইকারের অভাব রয়েছে, সুনীল ছেত্রীর প্রত্যাবর্তনই সে কথা প্রমাণ করে। অবসর নিলেও ফুটবল সংস্থা তাঁকে ফিরিয়ে আনতে বাধ্য হল। আইএসএল প্রতিযোগিতায় ভারতীয় ফুটবলে খুব আশার বিষয় দেখছেন না তিনি। তার কারণে অজিতবাবু বলেন, বিদেশ থেকে যে সমস্ত খেলোয়াড়রা আসছেন তাঁরা স্ট্রাইকার, স্টপার, মিডফিল্ড গোলকিপার প্রভৃতি গুরুত্বপূর্ণ জায়গায় খেলছেন। ভারতীয়রা সাইড ব্যাক কিংবা গুরুত্বহীন জায়গায় খেলছেন। তাই বিদেশিরা থাক, তবে ভারতীয়দের সংখ্যা বাড়ালে আখেরে দেশের ফুটবলে উন্নতি হবে।