সংবাদদাতা, কালনা: রবিবার নাদনঘাট থানার পূর্বস্থলী-১ ব্লকের সমুদ্রগড়ে পথের সাথী চত্বরে হস্তশিল্পের হাটের আনুষ্ঠানিক উদ্বোধন করলেন ক্ষুদ্র ছোট ও মাঝারি উদ্যোগ ও বস্ত্রদপ্তরের মন্ত্রী চন্দ্রনাথ সিনহা, মন্ত্রী স্বপন দেবনাথ, অতিরিক্ত জেলাশাসক (শিক্ষা) প্রতীক সিং, বিডিও সঞ্জয় সেনাপতি প্রমুখ।
পূর্বস্থলী-১ ব্লকের সাতটি পঞ্চায়েত এলাকায় রয়েছে সাতটি মহাসংঘ। এই সংঘের অধীনে রয়েছে প্রায় চার হাজার স্বনির্ভর গোষ্ঠী। এইসব গোষ্ঠীর সঙ্গে যুক্ত ৩৪ হাজারের বেশি মহিলা। পশ্চিমবঙ্গ সরকার ৩৩৮০টি গোষ্ঠীর মহিলাদের স্বনির্ভরতার লক্ষ্যে ১০৩ কোটি ৩৯ লক্ষ টাকা ঋণ দিয়েছে। এই মহিলারা ঋণ নিয়ে নানা ক্ষুদ্র উদ্যোগের মাধ্যমে স্বনির্ভর হয়েছেন। অনেকে পশুপালন করেও স্বনির্ভর হয়েছেন। এতদিন গোষ্ঠীর মহিলারা উৎপাদিত পণ্য নিজেরাই ঘুরে ঘুরে বাড়ি ও দোকানে বিক্রি করতেন। তাঁদের স্থায়ী বিক্রয়কেন্দ্র ছিল না। তাঁদের জন্য স্থায়ী বিক্রয়কেন্দ্র গড়ার উদ্যোগ নেন স্বপন দেবনাথ। সমুদ্রগড় পথের সাথী চত্বরে বিক্রয়কেন্দ্র গড়ে তোলেন। রবিবার সেই স্টলেরই আনুষ্ঠানিক উদ্বোধন হল। থমিক ভাবে ১১টি গোষ্ঠীর মহিলারা তাঁদের উৎপাদিত পণ্য বিক্রয় করতে পারবেন। ধাপে ধাপে সংখ্যাটা আরও বাড়ানো হবে জানানো হয়েছে। সপ্তাহে শনিবার ও রবিবার হাট বসবে।চন্দ্রনাথবাবু বলেন, মুখ্যমন্ত্রী রাজ্যজুড়ে লক্ষ লক্ষ মহিলাদের স্বনির্ভরতার দিশা দেখাচ্ছেন। এই হাট আজ ছোট আকারে হলেও আমি মনে করি আগামী দিনে আরও বড় আকারে গড়ে উঠবে। স্বপনবাবু বলেন, ব্লকের ৩৪ হাজার মহিলা একশো কোটির টাকার উপর ঋণ পেয়েছেন। অনেকে ঋণ নিয়ে স্বনির্ভর হয়ে স্বামীর থেকেও বেশি রোজগার করছেন। এরজন্য আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে কৃতজ্ঞ। -নিজস্ব চিত্র