রিও ডি জেনেইরো: কোচ বদলে খুব একটা লাভ হয়নি ব্রাজিলের। কার্লো আনসেলোত্তির অভিষেক ম্যাচেই আটকে গিয়েছে সেলেকাওরা। বিশ্বকাপের বাছাই পর্বে ইকুয়েডরের বিরুদ্ধে গোলশূন্য ড্র করে তারা। দলে একাধিক চেনা মুখ ফিরলেও পারফরম্যান্সে কোনও উন্নতি হয়নি। তার ফলে ২০২৬ বিশ্বকাপের টিকিট এখনও নিশ্চিত করতে ব্যর্থ পাঁচবারের চ্যাম্পিয়নরা। তবে মঙ্গলবার (ভারতীয় সময় বুধবার ভোরে) ঘরের মাঠে প্যারাগুয়েকে হারাতে পারলে সেই লক্ষ্যে অনেকটাই এগিয়ে যাবেন ভিনিসিয়াসরা। একইসঙ্গে ব্রাজিল কোচের পদে প্রথম জয়ের স্বাদ পেতে মরিয়া আনসেলোত্তি। তবে কাজটা যে সহজ হবে না, তা ভালোই জানেন অভিজ্ঞ এই ইতালিয়ান কোচ। দক্ষিণ আমেরিকা অঞ্চলে বাছাই পর্বে ১৫ ম্যাচে ২৪ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রয়েছে প্যারাগুয়ে। প্রথম লেগে ঘরের মাঠে ব্রাজিলের বিরুদ্ধে জয় নিয়ে মাঠ ছেড়েছিল গুস্তাভো আলফারোর ছেলেরা। এবার অ্যাওয়ে ম্যাচেও তার পুনরাবৃত্তি ঘটাতে মরিয়া তারা।



