Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

মন্ত্রী-বিধায়কদের নিরাপত্তারক্ষীর প্রবেশ নিষেধ বিধানসভায়

বিধানসভার অভ্যন্তরে প্রবেশ করবেন শুধুমাত্র বিধায়করা। তাঁদের নিরাপত্তারক্ষী কিংবা অনুগামীদের প্রবেশ নিষিদ্ধ হয়ে গেল। মন্ত্রী হোক বা বিধায়ক—কারও নিরাপত্তারক্ষী অস্ত্র সহ বিধানসভায় প্রবেশ করতে পারবেন না।

মন্ত্রী-বিধায়কদের নিরাপত্তারক্ষীর প্রবেশ নিষেধ বিধানসভায়
  • ২ সেপ্টেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বিধানসভার অভ্যন্তরে প্রবেশ করবেন শুধুমাত্র বিধায়করা। তাঁদের নিরাপত্তারক্ষী কিংবা অনুগামীদের প্রবেশ নিষিদ্ধ হয়ে গেল। মন্ত্রী হোক বা বিধায়ক—কারও নিরাপত্তারক্ষী অস্ত্র সহ বিধানসভায় প্রবেশ করতে পারবেন না। এমনই নির্দেশিকা জারি করেছে বিধানসভার সচিবালয়।

Advertisement

সোমবার থেকে বিধানসভার বিশেষ অধিবেশন শুরু হয়েছে। শুরুর দিনেই দেখা যায়, বিধানসভার মূল গেটের সামনে এই বিজ্ঞপ্তি দেওয়া রয়েছে। বিধানসভার প্রধান সচিবের স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে লেখা আছে, ‘মন্ত্রী ও সদস্যদের ব্যক্তিগত নিরাপত্তারক্ষী বিধানসভা প্রাঙ্গণে প্রবেশ করতে পারবেন না।’ ফলে নিরাপত্তারক্ষীদের বাইরেই থাকতে হয়েছে। সাধারণত বিজেপির যেসব বিধায়ক আছেন, তাঁদের কেন্দ্রীয় নিরাপত্তারক্ষী থাকে। এর আগে একটি গোলমালের প্রেক্ষিতে নির্দেশিকা জারি হয়েছিল, বিধানসভার ভিতরে কোনও কেন্দ্রীয় বাহিনীর জওয়ান প্রবেশ করতে পারবেন না। ফলে বিজেপি বিধায়কদের কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তারক্ষীরা থাকেন বিধানসভার মূল গেটের বাইরে। তাঁদের জন্য বিধানসভা সচিবালয়ের তরফে একটি ছাউনির ব্যবস্থা করে দেওয়া হয়েছে। সেখানে চেয়ার ও জলের ব্যবস্থাও থাকে। এবার মন্ত্রী ও বিধায়কদের পুলিসের নিরাপত্তারক্ষীদের জন্যও একই নিয়ম আনা হল। কিন্তু নিয়ম অনুযায়ী, তাঁরা তাঁদের অস্ত্র অন্য কাউকে দিয়ে আসতেও পারবেন না। ফলে তাঁদের বিধানসভার বাইরেই থাকতে হবে। তাঁদের জন্য টাউন হল এবং ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে বসার ব্যবস্থা হচ্ছে বলে খবর। সম্প্রতি হাইকোর্টের একটি পর্যবেক্ষণের ভিত্তিতে এমন সিদ্ধান্ত বলে জানা গিয়েছে। বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় বলেন, ‘মুখ্যমন্ত্রীর নিরাপত্তা সংক্রান্ত বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই শুধুমাত্র মুখ্যমন্ত্রীর নিরাপত্তারক্ষীরা প্রবেশ করতে পারবেন। বাকি কোনও বিধায়কের নিরাপত্তা রক্ষী তা পারবেন না।’ বিজেপি পরিষদীয় দল বলছে, ‘আমরা সবদিকে নজর রাখছি। আগামী দিনে দেখুন কী হয়!’  

Advertisement
সম্পর্কিত সংবাদ