


সংবাদদাতা মালদহ: ফল ও সব্জির চাষের উন্নয়নের রোডম্যাপ তৈরি করতে মালদহের বিখ্যাত আমের পাশাপাশি ‘রেডলেডি’ পেঁপে এবং ‘মিল্কি’ মাশরুমের উৎপাদন দেখে খুশি উদ্যান পালন দপ্তরের সচিব স্মারকি মহাপাত্র। তিনি জোর দিয়েছেন আমের আন্তর্জাতিক বিপণনেও। মঙ্গলবার দপ্তরের আধিকারিকদের সঙ্গে মালদহে আসেন তিনি। জেলার খাদ্য প্রক্রিয়াকরণ ও উদ্যান পালনের সঙ্গে যুক্ত কিছু ইউনিট ঘুরে দেখার পাশাপাশি জেলা প্রশাসন ও তাঁর দপ্তরের জেলা আধিকারিকদের সঙ্গে বিকেলে বৈঠকও করেন। বেশকিছু প্রস্তাব ও পরামর্শ দিয়ে গিয়েছেন সচিব।
পুরাতন মালদহে উৎপাদিত হচ্ছে ‘রেডলেডি’ পেঁপে। দেখতে অত্যন্ত আকর্ষণীয় সাধারণ পেঁপে গাছের তুলনায় অনেকটাই খর্বাকৃতির। কিন্তু তাতে ফল ধরে প্রচুর। খেতেও সুস্বাদু। পুরাতন মালদহের ডিস্কো মোড় এবং কালিয়াচকে বিপুল পরিমাণে উৎপাদিত হচ্ছে ‘মিল্কি’ মাশরুম। অত্যন্ত সুন্দর দেখতে এই মাশরুম অনেককে পনিরের কথা মনে করিয়ে দেবে। নরম এবং অত্যন্ত সুস্বাদু এই মাশরুম বিশেষত নিরামিষভোজীদের কাছে পনিরের জনপ্রিয় বিকল্প হয়ে উঠতে পারে বলে উদ্যানপালন দপ্তর সূত্রে জানা গিয়েছে। রেডলেডি পেঁপে এবং মিল্কি মাশরুমের এই ব্যাপক উৎপাদন মুগ্ধ করেছে উদ্যান পালন দপ্তরের সচিবকে। এদিন তিনি পুরাতন মালদহের নারায়ণপুরে এবং ইংলিশবাজারের সুস্তানি মোড় এলাকায় দু’টি খাদ্য প্রক্রিয়াকরণ ইউনিট পরিদর্শন করেন। পাশাপাশি ঘুরে দেখেন একটি বেকারিও।
জেলাশাসক নীতিন সিঙ্ঘানিয়া বলেন, প্রশাসনের আধিকারিকদের পাশাপাশি আম উৎপাদন ও বিপণনের সঙ্গে যুক্ত বিভিন্ন মহলের প্রতিনিধিরা ওই বৈঠকে অংশ নেন।
আম ও সব্জির উৎপাদন ও প্রক্রিয়াকরণ দেখে খুশি দপ্তরের সচিব। তিনি বেশকিছু প্রস্তাব ও পরামর্শ দিয়ে গিয়েছেন। আমাদের কিছু প্রকল্প করার কথা বলে গিয়েছেন। দ্রুত সেগুলি তৈরি করে দপ্তরে অনুমোদনের জন্য পাঠিয়ে দেব।
জেলা উদ্যানপালন আধিকারিক সামন্ত লায়েক বলেন, আমাদের সচিব আমের উন্নততর উৎপাদন ও বিদেশে রপ্তানির ওপরে জোর দিয়েছেন। আম নিয়মিত বিদেশে রপ্তানি করা গেলে স্থানীয় বাজারের চেয়ে অনেক বেশি মূল্য পাওয়া যায়। আমরা ওঁর পরামর্শ মেনে উন্নততর পদ্ধতিতে আম উৎপাদন ও বিদেশে রপ্তানির ওপরে জোর দেব। এনিয়ে সংশ্লিষ্ট সব মহলের সঙ্গে সমন্বয় রাখছি। পুরাতন মালদহের নারায়ণপুরে সব্জি ও ফলের বাগান পরিদর্শনে উদ্যান পালন দপ্তরের প্রতিনিধিদের সঙ্গে জেলাশাসক।-নিজস্ব চিত্র