নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: এতদিন কী কাজ করেছেন? কোন উদ্যোগে কার কতটা লাভ হয়েছে? কোন প্রকল্প কতটা সফলভাবে কার্যকর হয়েছে? আদৌ হয়েছে কি? না হলে কেন নয়?—এ ধরনের বেশ কিছু প্রশ্নের মুখে পড়তে চলেছেন কেন্দ্রের ৫৩ মন্ত্রকের সচিব। কার প্রশ্নের মুখে? অন্য কেউ নন। স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আজ মঙ্গলবার বিকাল সাড়ে চারটেয় প্রধানমন্ত্রী সচিবালয় সেবা তীর্থে ডাকা হয়েছে কেন্দ্রের যাবতীয় মন্ত্রকের সচিবকে। তাঁদের সঙ্গে আলোচনা করবেন মোদি। যার জেরে সব মন্ত্রকের সচিব পর্যায়ের আধিকারিকরাই কমবেশি রয়েছেন স্নায়ুচাপে।
বিশেষ সূত্রে জানা গিয়েছে, আজকের বৈঠকে প্রধানমন্ত্রীর সামনে সচিবদের জানাতে হবে, ‘আমি কী করেছি।’ ‘আমি কী করতে পারি।’ এবং ‘অন্যদের দ্বারা কী করা সম্ভব।’ মূলত দুটি বিষয়ে সচিবদের থেকে বক্তব্য শুনবেন মোদি। ১) জীবন জীবিকা সহজ করতে কী সংস্কার প্রয়োজন। যাকে ইংরেজিতে বলা হয় ইজ অব ডুয়িং অ্যান্ড লিভিং। ২) আত্মনির্ভরতার প্রচার। এছাড়াও অন্য কোনো বিষয় বলার থাকলে খোলা মনে বলতে পারবেন সরকারি আমলারা।
নিজেদের মতামত জানানোর জন্য বেঁধে দেওয়া হয়েছে সময়। এক একজন সচিবকে একটি বিষয়ের ওপর বলতে দেওয়া হবে তিন মিনিট সময়। তারই মধ্যে বলতে হবে সবটা। বৈঠকে কেন্দ্রীয় ক্যাবিনেট সচিব টি ভি সোমনাথন উপস্থিত থাকবেন। বিভিন্ন মন্ত্রকের সচিবের বক্তব্য জেনে তৈরি হবে নোট। প্রধানমন্ত্রী দেবেন ২০৪৭ সালের মধ্যে দেশকে আত্মনির্ভর তথা বিকশিত ভারত গড়ার দাওয়াই।