নয়াদিল্লি: স্বামী বা স্ত্রী একে অপরের অজান্তে কল রেকর্ড করলে বিবাহবিচ্ছেদের মামলায় তা গ্রহণযোগ্য হবে। সোমবার এ সংক্রান্ত মামলায় এমনটাই জানাল সুপ্রিম কোর্ট। এর আগে পাঞ্জাব ও হরিয়ানা হাইকোর্ট জানিয়েছিল, এমন কাজ গোপনীয়তা লঙ্ঘনের শামিল। তাই সেটা পারিবারিক আদালতে প্রমাণ হিসেবে গ্রহণ করা যাবে না। এদিন সেই রায় খারিজ করে দিল বিচারপতি বি ভি নাগরত্না ও বিচারপতি সতীশচন্দ্র শর্মার বেঞ্চ।
সম্প্রতি ভাতিন্দার পারিবারিক আদালতে বিবাহবিচ্ছেদের মামলায় এই প্রসঙ্গ উঠে আসে। স্ত্রীর বিরুদ্ধে অত্যাচারের প্রমাণ হিসেবে গোপন কলের রেকর্ডিং পেশ করেন এক যুবক। আদালত তা গ্রহণ করে। এই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে হাইকোর্টের দ্বারস্থ হন ওই মহিলা। তিনি জানান, অনুমতি ছাড়াই কল রেকর্ড করা হয়েছে। এটা গোপনীয়তার অধিকার লঙ্ঘন ছাড়া আর কিছুই নয়। সবকিছু শোনার পর পারিবারিক আদালতের রায় খারিজ করে দেয় পাঞ্জাব ও হরিয়ানা হাইকোর্ট। উচ্চ আদালত জানায়, এই ধরনের কাজ গার্হস্থ্য সম্প্রীতি নষ্ট করে দেবে। এরপরেই এবিষয়ে শীর্ষ আদালতে যান ওই যুবক। এদিন হাইকোর্টের রায় খারিজ করে বিচারপতি নাগরত্না বলেন, ‘আমাদের মনে হয় না যে এই যুক্তি গ্রহণযোগ্য। স্বামী-স্ত্রী একে অপরের উপর প্রতি মুহূর্তে নজর রাখছেন। বিবাহিত সম্পর্ক যদি এমন পর্যায়ে পৌঁছয় তাহলে তা অনেক আগেই ভেঙে গিয়েছে। সেখানে বিশ্বাস আর ভরসার কোনও জায়গা নেই।’