মাধ্যমিক পিছিয়ে ২ মার্চ, উচ্চ মাধ্যমিক শুরু ১৯শে?
  • ২০ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: অবশেষে জনগণনার জন্য পিছিয়েই যাচ্ছে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা! বৃহস্পতিবার বিকাশভবনে স্কুলশিক্ষা মন্ত্রী দীপক বর্মন জানিয়েছেন, মধ্যশিক্ষা পর্ষদ এবং উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের দেওয়া পরিবর্তিত সূচি নবান্নে পাঠানো হয়েছে। মুখ্যসচিব লিখিত সম্মতি দিলেই আনুষ্ঠানিকভাবে তা ঘোষণা করা হবে। সেই অনুযায়ী, মাধ্যমিক পরীক্ষা ২ মার্চ থেকে ১৬ মার্চ পর্যন্ত হওয়ার কথা। মাঝে দু’দিন ছেড়ে ১৯ মার্চ থেকে শুরু হবে উচ্চ মাধ্যমিক। তা চলবে ১২ এপ্রিল পর্যন্ত। অন্যদিকে, ২৭ নভেম্বর দুপুর আড়াইটেয় আনুষ্ঠানিকভাবে ঘোষিত হতে চলেছে উচ্চ মাধ্যমিক তৃতীয় সেমেস্টারের ফল।

Advertisement

মাধ্যমিক পরীক্ষা আগের রুটিন অনুযায়ী হওয়ার কথা ছিল ১৫ ফেব্রুয়ারি থেকে ২৫ ফেব্রুয়ারির মধ্যে। তবে, ওই সময় শিক্ষকরা জনগণনার কাজে ব্যস্ত থাকবেন বলে আগেই পর্ষদের তরফে বিকল্প রুটিনের প্রস্তাব গিয়েছিল শিক্ষাদপ্তরে। উচ্চ মাধ্যমিকের ফাইনাল সেমেস্টারের রুটিন আগে প্রকাশিত হয়নি। তবে প্রথা অনুযায়ী মাধ্যমিকের পরেই উচ্চ মাধ্যমিক পরীক্ষা হয় বলে সেটিও যে পিছিয়ে যাবে, তার ইঙ্গিত আগেই দিয়েছিল সংসদ। তবে, পরবর্তীতে ১৯ মার্চ থেকে ১২ এপ্রিল পর্যন্ত পরীক্ষা আয়োজনের প্রস্তাবিত রুটিন শিক্ষাদপ্তরে পাঠায় উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। তা দপ্তরের তরফে মঞ্জুরি পেয়ে গিয়েছে। সেই ফাইল নবান্নেও পাঠিয়ে দিয়েছে বিকাশ ভবন।
উচ্চ মাধ্যমিক পরীক্ষা ২৪ দিন ধরে চলবে কেন? এর উত্তরে শিক্ষামন্ত্রী বলেন, ওই সময়ের মধ্যে বেশ কিছু সর্বভারতীয় পরীক্ষা রয়েছে। সেই কারণে সাতদিনের বাড়তি ছুটি দিতে হয়েছে পরীক্ষার মধ্যে। যদিও শিক্ষাবহির্ভূত কারণে পরীক্ষা পিছিয়ে যাওয়ার প্রসঙ্গে অসন্তুষ্ট শিক্ষক-অভিভাবক এবং পরীক্ষার্থীরা। এদের একটা বড়ো অংশই আগেভাগে পরীক্ষা শেষ করার পক্ষে। অন্যদিকে, ২৭ নভেম্বর সাংবাদিক বৈঠক করে উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমেস্টারের ফলপ্রকাশ করবেন সংসদ সভাপতি অসিতকুমার মণ্ডল। অনলাইনে ফল জানা যাবে দুপুর ৩টে থেকে। প্রধান শিক্ষকরা নিজের নিজের স্কুলের সামগ্রিক ফল ডাউনলোড করতে পারবেন সংসদের নির্ধারিত পোর্টাল থেকে। তাঁরা সেখান থেকে মার্কশিট ডাউনলোড করার পর প্রিন্ট আউট নিয়ে সই এবং স্কুলের স্ট্যাম্প মেরে পড়ুয়াদের হাতে তুলে দেবেন। পড়ুয়ারা ফল জানতে পারবেন https://result.wb.gov.in, www.results.shiksha সহ আরও কিছু বেসরকারি ওয়েবসাইট থেকে। এছাড়াও একাধিক অ্যাপ থেকেও ফল জানতে পারবেন পরীক্ষার্থীরা। সেই বিস্তারিত তালিকা সংসদের ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তিতে দেওয়া রয়েছে।