নিজস্ব প্রতিনিধি, কলকাতা: উড়ান ২.০ প্রকল্পের সঙ্গে যুক্ত হল পশ্চিমবঙ্গ। এই প্রকল্পের আওতায় রাজ্যে চারটি বিমানবন্দর তৈরির ঘোষণা করলেন কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহণ মন্ত্রী রামমোহন নাইডু। কলকাতায় দ্বিতীয় বিমানবন্দর নির্মাণের পাশাপাশি তিনি জানান, আগামী ১০ বছরের মধ্যে উড়ান প্রকল্পের আওতায় দেশে ১০০টি নতুন বিমানবন্দর নির্মিত হবে। প্রকল্পের জন্য পশ্চিমবঙ্গের খাতে বরাদ্দ করা হয়েছে প্রায় ২৯ হাজার কোটি টাকা। আজ, সোমবার রাজ্য ও কেন্দ্রীয় সরকারের মধ্যে মউ স্বাক্ষরিত হয়েছে।
এদিনের অনুষ্ঠানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে শুভেন্দু অধিকারী অভিযোগ করেন, এই প্রকল্পের জন্য আগের সরকার জমি দেয়নি। পশ্চিমবঙ্গের মানুষের এটা জানা দরকার, কীভাবে বিগত সরকার বিমানবন্দর তৈরির ক্ষেত্রে নেতিবাচক ভূমিকা পালন করেছে।
উড়ান ২.০ প্রকল্পের অধীনে আলিপুরদুয়ারের হাসিমারা, দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট, পশ্চিম মেদিনীপুরের কলাইকুণ্ডা এবং পুরুলিয়ার ছররাতে বেসামরিক বিমানবন্দর তৈরির লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে বলে জানান কেন্দ্রীয় মন্ত্রী। এর পাশাপাশি রামমোহন নাইডু উল্লেখ করেন, বেহালার ফ্লাইং ক্লাব উড়ান প্রশিক্ষণ কেন্দ্রের জন্য একটি আদর্শ এলাকা।
বাগডোগরায় নতুন টার্মিনাল নির্মাণ এবং যোগাযোগ ব্যবস্থা আরও উন্নত করার কাজ চলছে। এছাড়াও আগামী দুই বছরের মধ্যে রাজ্যে মোট আটটি বিমানবন্দর তৈরি হবে। রাজ্যকে সম্পূর্ণ সহযোগিতা করবে কেন্দ্র, বলেই জানান কেন্দ্রীয় মন্ত্রী।