Bartaman Logo
১৭ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

সব্যসাচীর শ্বশুরবাড়িসহ তিন জায়গায় তল্লাশি

সব্যসাচীর শ্বশুরবাড়িসহ তিন জায়গায় তল্লাশি
  • ১৭ জুন, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বিধাননগর: ধৃত তৃণমূল নেতা সব্যসাচী দত্তের ফ্ল্যাটে তল্লাশি চালিয়ে লক্ষ লক্ষ টাকার সোনা কেনার রসিদ পেয়েছিল পুলিশ। তা নিয়ে তদন্তও শুরু হয়েছে। টাকার উৎসও খতিয়ে দেখছে পুলিশ। এবার তাঁর শ্বশুরবাড়ি সহ তিন জায়গায় তল্লাশি চালানো হল। তার মধ্যে দু‌ই আত্মীয়ের বাড়িও রয়েছে। তবে কোনো জায়গায় তাঁর স্ত্রীর দেখা মিলেনি। জানা গিয়েছে, নদীয়ার বড়জাগুলি এলাকায় একটি আট কাঠা জমির খোঁজ পেয়েছে পুলিশ। জমির বিস্তারিত তথ্যও সংগ্রহ করা হচ্ছে। এক পুলিশ আধিকারিক বলেন, ‘তোলাবাজির ঘটনার তদন্তেই একাধিক জায়গায় তল্লাশি চালানো হচ্ছে। সব তথ্য যাচাই করে দেখা হচ্ছে।’ সব্যসাচীর ৮ দিনের পুলিশ হেপাজত শেষ হচ্ছে আজ, বুধবার। তাই এদিন তাঁকে ফের বিধাননগর মহকুমা আদালতে পেশ করা হবে। এদিনও তাঁকে নিজেদের হেপাজতে নিতে চেয়ে আদালতে আবেদন করবে পুলিশ। সল্টলেকের এক ব্যবসায়ীর কাছ থেকে তোলাবাজির অভিযোগে গত ৮ জুন রাতে সব্যসাচী দত্তকে গ্রেপ্তার করে বিধাননগর উত্তর থানার পুলিশ। ওই ঘটনার সঙ্গে যুক্ত থাকার অভিযোগে পরে তাঁর এক সঙ্গী বিদ্যুৎ ওরফে গুজিকেও গ্রেপ্তার করা হয়। সে তোলার টাকা সংগ্রহ করেছিল বলে অভিযোগ। তোলা চাওয়ার একটি কল রেকর্ডিংও ভাইরাল হয়েছে। যদিও রেকর্ডিংয়ের সত্যতা যাচা‌ই করেনি ‘বর্তমান’। পুলিশ ওই রেকর্ড সংগ্রহ করেছে। পুলিশ জানিয়েছে, সব্যসাচীর ওয়ার্ড অফিস, তাঁর মৈত্রী সংঘ ক্লাব, যোগ সেন্টার, নিউটাউনের ফ্ল্যাটসহ একাধিক জায়গায় অভিযান চলে। বেশ কিছু নথিপত্র বাজেয়াপ্ত করে তারা। ৭০-৮০ গ্রাম সোনার গয়নাসহ লক্ষ লক্ষ টাকার সোনা কেনার রসিদ মিলেছে। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ