Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

১৪ জুন থেকে চলবে শিয়ালদহ-জলপাইগুড়ি রোড হামসফর এক্সপ্রেস

কলকাতা থেকে উত্তরবঙ্গে যাওয়ার জন্য চালু হচ্ছে নয়া ট্রেন।

১৪ জুন থেকে চলবে শিয়ালদহ-জলপাইগুড়ি রোড হামসফর এক্সপ্রেস
  • ১১ জুন, ২০২৫ ২০:০৬
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি: কলকাতা থেকে উত্তরবঙ্গে যাওয়ার জন্য চালু হচ্ছে নয়া ট্রেন। যাত্রা শুরু করছে শিয়ালদহ-জলপাইগুড়ি রোড হামসফর এক্সপ্রেস। ১৪ জুন দুপুরে জলপাইগুড়ি রোড স্টেশনে ট্রেনটির উদ্বোধন। ২০ জুন থেকে পুরোদমে চলতে শুরু করবে ২১ কোচের ওই সাপ্তাহিক ট্রেন। বিজ্ঞপ্তি জারি করে নয়া ট্রেনের সময়সূচি জানিয়ে দেওয়া হয়েছে রেলের তরফে। প্রতি শুক্রবার রাত ১১টা ৪০ মিনিটে ট্রেনটি শিয়ালদহ থেকে ছাড়বে। জলপাইগুড়ি রোড স্টেশনে পৌঁছবে পরেরদিন অর্থাৎ শনিবার বেলা ১২টায়। অন্যদিকে, প্রতি শনিবার রাত সাড়ে ৮টায় জলপাইগুড়ি রোড স্টেশন থেকে ওই ট্রেন ছাড়বে। পরদিন অর্থাৎ, রবিবার সকাল ৮টা ১০ মিনিটে ৫৮৪ কিমি পথ পেরিয়ে শিয়ালদহ পৌঁছবে ট্রেনটি। নয়া এই ট্রেন চালু হলে জলপাইগুড়ি রোড কিংবা এনজেপি থেকে দার্জিলিং মেল বা পদাতিক এক্সপ্রেসের উপর কিছুটা হলেও চাপ কমবে বলে মনে করা হচ্ছে। যদিও দার্জিলিং মেল বা পদাতিকের রুটে চলবে না জলপাইগুড়ি রোড-শিয়ালদহ হামসফর এক্সপ্রেস। রেলের জারি করা বিজ্ঞপ্তি মোতাবেক, জলপাইগুড়ি রোড থেকে ছেড়ে এনজেপি, আলুয়াবাড়ি রোড, কিষাণগঞ্জ, বারসই জংশন, সামসি, মালদহ টাউন হয়ে নিউ ফরাক্কা, জঙ্গিপুর রোড, আজিমগঞ্জ জংশন, বহরমপুর কোর্ট, কৃষ্ণনগর সিটি জংশন, রানাঘাট জংশন, নৈহাটিতে থামার পর শিয়ালদহে ঢুকবে ট্রেনটি। শিয়ালদহ থেকেও একইপথে পৌঁছবে জলপাইগুড়ি রোড স্টেশনে। আজ, বুধবার উত্তরপূর্ব সীমান্ত রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কপিঞ্জল কিশোর শর্মা বলেন, ‘জলপাইগুড়ি রোড-শিয়ালদহ নয়া ট্রেন চালু হচ্ছে। ১৪ জুন জলপাইগুড়ি রোড স্টেশনে ট্রেনটির উদ্বোধন। ওইদিন দুপুর দু’টোয় স্পেশাল হিসেবে ট্রেনটি জলপাইগুড়ি রোড থেকে ছাড়বে। পরদিন ভোর চারটেয় শিয়ালদহ পৌঁছবে।’ তিনি বলেন, ‘জলপাইগুড়ি রোড-শিয়ালদহ-জলপাইগুড়ি রোড হামসফর এক্সপ্রেস চালুর ব্যাপারে রেলের তরফে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। তাতে ট্রেন নম্বর, স্টপ এবং সময়সূচি দিয়ে দেওয়া হয়েছে।’

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ