Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

সেহারায় মোবাইল কিনে না দেওয়ায় অভিমানে আত্মঘাতী স্কুলছাত্রী

রায়না থানার সেহারার সরকারপাড়ায় মোবাইল কিনে না দেওয়ায় অভিমানে গলায় ফাঁস লাগিয়ে এক স্কুলছাত্রী আত্মঘাতী হয়েছে। মৃতার নাম স্বস্তিকা সরকার(১৬)।

সেহারায় মোবাইল কিনে না দেওয়ায় অভিমানে আত্মঘাতী স্কুলছাত্রী
  • ১০ জুলাই, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, বর্ধমান: রায়না থানার সেহারার সরকারপাড়ায় মোবাইল কিনে না দেওয়ায় অভিমানে গলায় ফাঁস লাগিয়ে এক স্কুলছাত্রী আত্মঘাতী হয়েছে। মৃতার নাম স্বস্তিকা সরকার(১৬)। সে সেহারার রাধারানি বালিকা উচ্চ বিদ্যালয়ে দশম শ্রেণিতে পড়ত। বুধবার ভোরে ঘরে বাঁশের কাঠামোয় ওড়না দিয়ে গলায় ফাঁস লাগানো অবস্থায় তাকে ঝুলতে দেখেন পরিবারের লোকজন। তড়িঘড়ি ওড়না কেটে নামিয়ে তাকে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। 

Advertisement

পরিবার সূত্রে জানা গিয়েছে, ঘটনার দিন বাবাকে মোবাইল কিনে দেওয়ার জন্য বলে স্বস্তিকা। কিন্তু, তার বাবা পরে মোবাইল কিনে দেওয়ার কথা বলেন। মৃতার কাকা অমরেন্দ্র সরকার বলেন, দাদা ভাইঝিকে ধান উঠলে তারপর মোবাইল কিনে দেব বলে জানান। এরপরই বুধবার ভোরে ভাইঝির ঝুলন্ত দেহ দেখতে পাই। মোবাইল না পেয়ে অভিমানে সে আত্মঘাতী হয়েছে বলে আমাদের অনুমান। 
বর্ধমানে আত্মঘাতী বৃদ্ধ: বর্ধমান শহরের লাকুর্ডিতে কীটনাশক খেয়ে এক বৃদ্ধ আত্মঘাতী হয়েছেন। মৃতের নাম বিজয় মণ্ডল (৬২)। সোমবার বাড়ির বাইরে তিনি কীটনাশক খান। স্থানীয় বাসিন্দারা দেখতে পেয়ে তড়িঘড়ি তাঁকে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানেই রাতে তিনি মারা যান। তাঁর আত্মহত্যার কারণ নিয়ে পরিষ্কারভাবে কিছু জানাতে পারেননি পরিবারের লোকজন।
বীরপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু: বর্ধমান থানার বীরপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক যুবকের মৃত্যু হয়েছে। মৃতের নাম মণিরুল ইসলাম (৩০)। তাঁর বাড়ি উত্তর দিনাজপুরে। তিনি পেশায় লরিচালক ছিলেন। মঙ্গলবার দুপুরে বীরপুরের কাছে তাঁর লরিটি বিকল হয়ে যায়। সেখানে একটি গ্যারাজে লরিটির কাজ করাচ্ছিলেন তিনি। সেসময় তিনি গ্যারাজে বিদ্যুৎস্পৃষ্ট হন। স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসেন। চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন। 
পথ দুর্ঘটনায় মৃত্যু: বর্ধমান থানার চাণ্ডুলে জাতীয় সড়কে গাড়ির ধাক্কায় অবসরপ্রাপ্ত এক সেনাকর্মীর মৃত্যু হয়েছে। মৃতের নাম সচ্চিদানন্দ তা (৬০)। তাঁর বাড়ি বর্ধমান শহরের নতুনগঞ্জ এলাকায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বুধবার সকালে বাইক নিয়ে জাতীয় সড়ক ধরে পানাগড়ে সেনা হাসপাতালে যাচ্ছিলেন তিনি। চাণ্ডুলের কাছে একটি গাড়ি তাঁর বাইকটিকে ধাক্কা মেরে পালায়। গুরুতর জখম অবস্থায় স্থানীয় বাসিন্দারা তাঁকে উদ্ধার করে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসেন। চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন। 

Advertisement
সম্পর্কিত সংবাদ