Bartaman Logo
৩১ আগস্ট, ২০২৬
বর্তমান / কলকাতা

চাকরি দেওয়ার নামে টাকা নেওয়ার অভিযোগ স্কুলের হেড ক্লার্কের বিরুদ্ধে

হাসপাতালে চাকরি দেওয়ার নাম করে আর্থিক প্রতারণার অভিযোগ উঠল স্কুলের হেড ক্লার্কের বিরুদ্ধে। অভিযুক্তের নাম বাসুদেব সর্দার। তিনি বনগাঁ কুমুদিনী উচ্চ বালিকা বিদ্যালয়ে কর্মরত।

চাকরি দেওয়ার নামে টাকা নেওয়ার  অভিযোগ স্কুলের হেড ক্লার্কের বিরুদ্ধে
  • ১৯ জুন, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, বনগাঁ: হাসপাতালে চাকরি দেওয়ার নাম করে আর্থিক প্রতারণার অভিযোগ উঠল স্কুলের হেড ক্লার্কের বিরুদ্ধে। অভিযুক্তের নাম বাসুদেব সর্দার। তিনি বনগাঁ কুমুদিনী উচ্চ বালিকা বিদ্যালয়ে কর্মরত। তাঁর বিরুদ্ধে  মধ্যমগ্রামের বাসিন্দা অপরাজিতা সর্দার (হালদার) বনগাঁ থানায় এবং বনগাঁ পুলিস সুপারের কাছে অভিযোগ করেছেন। পাশাপাশি নীলকমল দাস নামে আরও এক ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ করেন তিনি। অপরাজিতা সর্দার অভিযোগ করেন, বাসুদেব সর্দার হাসপাতালে চাকরি করে দেওয়ার নাম করে ৫ লক্ষ টাকা চান। প্রায় এক বছর আগে ১ লক্ষ ১৫ টাকা দেন বাসুদেবকে। মহিলার দাবি, অভিযুক্ত ব্যক্তি স্কুলে বসে চুক্তি করেন এবং সেখানেই টাকা দেওয়া হয়েছে। পরবর্তীতে ইন্টারভিউয়ের নাম করে কলকাতার এক সরকারি মেডিক্যাল কলেজে নিয়ে যাওয়া হয় তাঁকে। সেখানে বেশ কিছুক্ষণ বসিয়ে রাখা হয়। এমনকী বেশ কয়েকটি ফর্মে সই করানো হয় বলেও অভিযোগ। অপরাজিতা বলেন, ‘টাকা দেওয়ার পর প্রায় এক বছর হয়ে গেলেও আমাকে চাকরি দেওয়া হয়নি। আমি টাকা ফেরত চাইলে টাকা নেওয়ার কথা অস্বীকার করেন বাসুদেব। তাঁর বাড়িতে টাকা চাইতে গেলে গালাগালি করেন এবং মারতে যান। এরপর আমি ১০ জুন বনগাঁ থানায় অভিযোগ করি।’ পুলিস জানিয়েছে, তদন্ত চলছে। প্রতারিত মহিলার দাবি, থানায় অভিযোগ করে হুমকির মুখে পড়তে হয়েছে তাঁকে। পরে বনগাঁ পুলিস সুপারের কাছে অভিযোগ করেন তিনি। যদিও তাঁর বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন বাসুদেব সর্দার। তিনি বলেন, ‘চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়নি। ওই মহিলা আমার কাছ থেকে কিছু টাকা ধার নিয়েছিলেন। সেই টাকা দিতে এসেছিলেন। আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করছে।’ স্কুলের প্রধান শিক্ষিকা ইন্দ্রাণী উকিল সরকার বলেন, ‘স্কুলে বসে এধরনের কাজ করেছেন আমার জানা নেই। তবে পুলিস বিষয়টি তদন্ত করুক। স্কুল যুক্ত নয়।’ 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ