Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

প্রধান শিক্ষকের সঙ্গে অভদ্রতা, থানায় অভিযোগ স্কুল কর্তৃপক্ষের

একাদশে ভর্তি নিয়ে অনিয়মের অভিযোগে সোশ্যাল মিডিয়ায় তোপ অভিভাবকের। অভিযোগ, ভর্তি নিয়ে কৈফিয়ত চাইতে এসে শতবর্ষ প্রাচীন জলপাইগুড়ির সোনাউল্লা স্কুলে ঢুকে প্রধান শিক্ষকের সঙ্গে অশালীন ভাষায় কথা বলেন ওই অভিভাবক।

প্রধান শিক্ষকের সঙ্গে অভদ্রতা, থানায় অভিযোগ স্কুল কর্তৃপক্ষের
  • ২২ জুন, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি: একাদশে ভর্তি নিয়ে অনিয়মের অভিযোগে সোশ্যাল মিডিয়ায় তোপ অভিভাবকের। অভিযোগ, ভর্তি নিয়ে কৈফিয়ত চাইতে এসে শতবর্ষ প্রাচীন জলপাইগুড়ির সোনাউল্লা স্কুলে ঢুকে প্রধান শিক্ষকের সঙ্গে অশালীন ভাষায় কথা বলেন ওই অভিভাবক। এনিয়ে স্কুলের তরফে পাল্টা জলপাইগুড়ি কোতোয়ালি থানার পাশাপাশি সাইবার থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। গোটা ঘটনায় আলোড়ন ছড়িয়েছে জলপাইগুড়িতে। 

Advertisement

স্কুলের এক ছাত্রের একাদশে ভর্তি নিয়ে ঝামেলার সূত্রপাত। অভিযোগ, ওই ছাত্রের দিদি শুক্রবার দুপুরে বিষয়টি নিয়ে স্কুলে এসে ঝামেলা বাঁধান। প্রধান শিক্ষক অনির্বাণ সেন তখন ক্লাসে ছিলেন। সেখানে গিয়ে কেন তাঁর ভাইয়ের এখনও ভর্তি হয়নি, তা নিয়ে তর্ক জুড়ে দেন তিনি। এমনকী গোটা বিষয়টি সোশ্যাল মিডিয়ায় লাইভ করেন। যদিও ওই অভিভাবকের দাবি, সোনাউল্লা স্কুলে নিয়ম মেনে ভর্তি হচ্ছে না। এরই প্রতিবাদ করেছেন তিনি। 
এদিকে, ভর্তি প্রক্রিয়া নিয়ে প্রশ্ন ওঠায় সোনাউল্লা স্কুলের পরিচালন কমিটি শনিবার জরুরি বৈঠকে বসে। বৈঠকের পর পরিচালন কমিটির সভাপতি গৌতম দাস বলেন, ভর্তি নিয়ে এক অভিভাবক স্কুলে ঢুকে যে ঘটনা ঘটিয়েছেন, তা নিন্দনীয়। প্রধান শিক্ষকের সঙ্গে ওই অভিভাবক অশালীন ভাষায় কথা বলেছেন। এমনকী সোশ্যাল মিডিয়ায় লাইভ করেন ওই অভিভাবক। তাতে অনেকে কিছু না জেনেই বিরূপ মন্তব্য করেছেন। এতে শতবর্ষ প্রাচীন স্কুলের ভাবমূর্তি নষ্ট হয়েছে। একারণে জলপাইগুড়ি কোতোয়ালি থানার পাশাপশি সাইবার থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। 
স্কুলের প্রধান শিক্ষক অনির্বাণ সেন বলেন, প্রথম ও দ্বিতীয় পর্যায়ে একাদশে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। তৃতীয় পর্যায়ের ভর্তি প্রক্রিয়া চলছে। ফলে ওই অভিভাবককে একটু অপেক্ষা করতে বলা হয়। তাঁর দাবি, সোনাউল্লা স্কুলের সব ছাত্র যাতে নিজের স্কুলে একাদশে ভর্তি হতে পারে, সবসময় সেই চেষ্টা জারি থাকে। তবুও ওই অভিভাবক যে ব্যবহার করেছেন, তাতে আমরা মর্মাহত। স্কুলের পরিচালন কমিটির সভাপতির দাবি, ভর্তি প্রক্রিয়া খতিয়ে দেখেছি আমরা। নিয়ম মেনেই সবটা চলছে। ফলে একাদশে ভর্তি নিয়ে এক অভিভাবক যে অভিযোগ তুলেছেন তা ভিত্তিহীন।  সোনাউল্লা স্কুলে বৈঠক। - নিজস্ব চিত্র।

Advertisement
সম্পর্কিত সংবাদ