সংবাদদাতা, কাটোয়া: দীঘায় জগন্নাথ মন্দির তৈরির পর পর্যটক সমাগম বেড়েছে। এবার কাটোয়ার বাসিন্দাদের সুবিধার্থে সরাসরি দীঘা পৌঁছনোর বাস চালু করল এসবিএসটিসি। কাটোয়া থেকে পুরুলিয়ারও বাস পরিষবা চালু করা হল। শুক্রবার দুপুরে সবুজ পতাকা নাড়িয়ে শুভ সূচনা করেন পূর্ব বর্ধমানের জেলাশাসক আয়েশা রানি এ, পুলিস সুপার সায়ক দাস, কাটোয়ার বিধায়ক রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় প্রমুখ। জেলাশাসক বলেন, সাধারণ মানুষের কথা ভেবেই এখান থেকে দীঘা ও পুরুলিয়া যাওয়ার বাস চালু করা হল।
এসবিএসটিসি সূত্রে জানা গিয়েছে, কাটোয়া থেকে বর্ধমান, আরামবাগ, মেদিনীপুর, খড়্গপুর, কাঁথি হয়ে বাসটি দীঘা পৌঁছবে। কাটোয়া থেকে ছাড়বে সকাল ৮টা ৫মিনিটে। দীঘা পৌঁছবে বিকেল ৫টা ৪৫মিনিটে। দীঘা থেকে ছাড়বে সকাল ৭টা ১৫মিনিটে। কাটোয়া পৌঁছবে বিকেল ৪টে ৫৫ মিনিটে। কাটোয়া থেকে দীঘা যাওয়ার ভাড়া ২৫৫ টাকা।
আর একটি বাস কাটোয়া থেকে ভোর ৪টে ৫০মিনিটে ছেড়ে বলগোনা, গুসকরা, দুর্গাপুর, বাঁকুড়া হয়ে পুরুলিয়া পৌঁছবে দুপুর ১২টা ১৫মিনিটে। পুরুলিয়া থেকে ছাড়বে সকাল ৯টা ৫মিনিটে। কাটোয়া পৌঁছবে বিকেল ৪টে ৪৫ মিনিট। পুরুলিয়া যাওয়ার ভাড়া ১৮৯টাকা।