Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

সবংয়ে তুলসীচারার মেলার মূল আকর্ষণ তুলো ও বাদ্যযন্ত্র

সবংয়ে তুলসীচারার মেলার মূল আকর্ষণ তুলো ও বাদ্যযন্ত্র
  • ১৫ জানুয়ারি, ২০২৫ ০০:০০
সংবাদদাতা, মেদিনীপুর: একদিকে পূর্ব মেদিনীপুরের পটাশপুরের গোকুলপুর গ্রাম, অন্যদিকে পশ্চিম মেদিনীপুর জেলার সবংয়ের কোলন্দা গ্রাম। দুই এলাকার মাঝে কেলেঘাই নদীবক্ষে তুলসী মন্দিরকে কেন্দ্র করে বসে তুলসী চারার মেলা। যা সবংয়ের তুলসীচারার মেলা নামেই খ্যাত। প্রায় ৫০০ বছরের প্রাচীন এই মেলাকে কেন্দ্র করে মকর সংক্রান্তির দিন মানুষের ঢল নামে। মঙ্গলবার মকর সংক্রান্তিতে দুই জেলা ছাড়াও অন্যান্য জেলা থেকেও বহু পূণ্যার্থী এখানে ভিড় জমান। আগে মেলা ছোট করে হতো। পরে কেলেঘাই নদীর সংস্কারের পর মেলার পরিধি বেড়েছে। এই মেলার মূল আকর্ষণ তুলো আর বিভিন্ন বাদ্যযন্ত্র। মেলায় তুলো আর বাদ্যযন্ত্রের পসরা নিয়ে বসেন বিক্রেতারা। কথিত আছে এই নদীবক্ষে গোকুলপুরের গোকুলানন্দ গোস্বামী বৈষ্ণবাচার্য্যরূপের সমাধি আছে। তিনি মকর সংক্রান্তির দিন নদীর মাঝে সাধনা করতে করতে সমাধিস্থ হন। সেখানেই আছে তুলসী মন্দির। এই দিন ধর্মপ্রাণ মানুষ নদীতে স্নান করে তিনমুঠো মাটি তুলে নিয়ে গিয়ে তুলসী মঞ্চে দেন। মানুষের বিশ্বাস পূণ্যস্নান করে মাটি তুলে তুলসী মঞ্চে দিলে মনস্কামনা পূরণ হয়। এদিন ডেবরার কেদার শিব মন্দির প্রাঙ্গণেও বসেছে মেলা। এই মন্দিরও বেশ কয়েকশো বছরের প্রাচীন। মন্দির সংলগ্ন পুকুরে মকরস্নান করেন বহু মানুষ। তাঁরা মন্দিরে পুজোও দেন। 
Advertisement
সম্পর্কিত সংবাদ