Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

সবংয়ে বাইক দুর্ঘটনায় দুই কিশোরের মৃত্যু, জখম ২

সবংয়ে বাইক দুর্ঘটনায় দুই কিশোরের মৃত্যু, জখম ২
  • ১৩ নভেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, মেদিনীপুর: জগদ্ধাত্রী পুজোর মেলা দেখে ফেরার পথে সবংয়ে বাইক দুর্ঘটনায় দুই কিশোরের মৃত্যু হল। জখম হয়েছে আরও দু’জন। মৃতদের নাম শিবু কোটাল(১৭) ও শাশ্বত চিৎপতি(১৮)। তাদের বাড়ি কসবা সবং এলাকায়। সোমবার মধ্যরাতে ঘটনাটি ঘটে তেমাথানি-কাঁটাখালি রাজ্য সড়কের বাড়জীবন এলাকায়। জানা গিয়েছে, একটি অজানা গাড়ির সঙ্গে তাদের বাইকের সংঘর্ষ হয়। জখম দু’জনের মধ্যে একজন সবং গ্রামীণ হাসপাতালে ভর্তি রয়েছে, অপরজনকে মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে। পুলিস মৃতদেহ দু’টি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খড়্গপুর মহকুমা হাসপাতালে পাঠায়। গাড়িটির খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিস। 
Advertisement
পুলিস ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, একটি বাইকে চারজন কিশোর জগদ্ধাত্রী পুজোর মেলা দেখে বাড়ি ফিরছিল। বাড়জীবন এলাকায় একটি গাড়ির সঙ্গে তাদের বাইকটির সংঘর্ষ হয়। বাইকটি দুমড়ে মুচড়ে গিয়েছে। গাড়িটি অবশ্য পালিয়ে যায়। বাইক থেকে রাস্তায় ছিটকে পড়ে চারজনই গুরুতর জখম হয়। খবর পেয়ে পুলিস এসে আশঙ্কাজনক অবস্থায় তাদের উদ্ধার করে সবং গ্রামীণ হাসপাতালে নিয়ে যায়। সেখানকার চিকিৎসক দু’জনকে মৃত ঘোষণা করেন। জখমদের মধ্যে একজন সবং গ্রামীণ হাসপাতালে চিকিৎসাধীন। অপরজনকে মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার করা হয়। 
শাশ্বতের বাবা প্রশান্ত চিতপতি বলেন, কী করে দুর্ঘটনা ঘটল আমি কিছুই জানি না। আমি রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়ি। ছেলে কখন বেরিয়েছে, কোথায় গিয়েছিল তাও জানি না। রাত ২টো নাগাদ পুলিস দুর্ঘটনার খবর দেয়। শুনেছি ওরা চারজন ছিল।
সম্পর্কিত সংবাদ