Bartaman Logo
১০ জুন, ২০২৬

ইউজিসির পাঠ্যক্রমের খসড়ায় সাভারকর ও দীনদয়াল উপাধ্যায়, গৈরিকীকরণের অভিযোগ

ফের শিক্ষাক্ষেত্রে গৈরিকীকরণের অভিযোগ উঠছে কেন্দ্রের মোদি সরকারের বিরুদ্ধে। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) পাঠ্যক্রম সংক্রান্ত খসড়া প্রস্তাবে এবার অন্তর্ভুক্ত হল বিনায়ক দামোদর সাভারকর, পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ের প্রসঙ্গ।

ইউজিসির পাঠ্যক্রমের খসড়ায় সাভারকর ও দীনদয়াল উপাধ্যায়, গৈরিকীকরণের অভিযোগ
  • ২৪ আগস্ট, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: ফের শিক্ষাক্ষেত্রে গৈরিকীকরণের অভিযোগ উঠছে কেন্দ্রের মোদি সরকারের বিরুদ্ধে। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) পাঠ্যক্রম সংক্রান্ত খসড়া প্রস্তাবে এবার অন্তর্ভুক্ত হল বিনায়ক দামোদর সাভারকর, পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ের প্রসঙ্গ। তাৎপর্যপূর্ণ বিষয় হল, রাষ্ট্রবিজ্ঞানের প্রস্তাবিত ওই খসড়ায় কোর্স অবজেক্টিভে সাভারকারকে দেশের স্বাধীনতা সংগ্রামে একজন অত্যন্ত গুরুত্বপূর্ণ নেতা হিসেবে উল্লেখ করা হয়েছে। একইসঙ্গে বলা হয়েছে, জাতীয়তাবাদ গঠনে প্রধানত মহাত্মা গান্ধীর মতাদর্শের বিপক্ষে ছিলেন বলেই তাঁকে নিয়ে অনেক বিতর্ক হয়েছে। স্বাভাবিকভাবেই এই বিষয় নিয়ে তুমুল চর্চা শুরু হয়েছে। 

Advertisement

রাষ্ট্রবিজ্ঞান, নৃতত্ত্ব, রসায়নবিদ্যা, বাণিজ্যের মতো মোট ন’টি বিষয়ের পাঠ্যক্রম সংক্রান্ত খসড়া প্রস্তাব গত ২০ আগস্ট প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন। এর পোশাকি নাম দেওয়া হয়েছে, ‘লার্নিং আউটকামস বেসড কারিকুলাম ফ্রেমওয়ার্ক’ (এলওসিএফ)। আগামী ২০ সেপ্টেম্বরের মধ্যে এই খসড়া প্রস্তাবের উপর সংশ্লিষ্ট প্রত্যেকের মতামত চাওয়া হয়েছে। তা খতিয়ে দেখার পরেই এই ব্যাপারে পরবর্তী পদক্ষেপ করবে শিক্ষামন্ত্রক এবং ইউজিসি। সরকারি সূত্রের খবর, খসড়ায় বাণিজ্যে কৌটিল্যের অর্থশাস্ত্র, রয়াসনে বোরের তত্ত্বের পাশাপাশিই প্রাচীন ভারতের 
পরমাণু বিজ্ঞানকেও পড়ানোর প্রস্তাব দেওয়া হয়েছে। কৌটিল্যের অর্থশাস্ত্র প্রসঙ্গে বলা হয়েছে, অর্থনৈতিক ভারসাম্য রক্ষার ক্ষেত্রে এর জুড়ি মেলা ভার। গণিতের ক্ষেত্রে 
প্রাচীন ভারতের বিভিন্ন মন্দিরের কারুকার্যের সমীকরণ তুলে ধরতে বলা হয়েছে। 
যদিও সব ছাপিয়ে বিতর্ক তুমুল হয়েছে সাভারকর এবং দীনদয়াল উপাধ্যায়ের প্রসঙ্গ অন্তর্ভুক্তিতেই। রাষ্ট্রবিজ্ঞানে স্নাতকস্তরের প্রথম বর্ষের প্রথম সেমিস্টারে এই দু’জনের প্রসঙ্গ অন্তর্ভুক্তির প্রস্তাব দেওয়া হয়েছে। খসড়ায় বলা হয়েছে, পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ের জীবন, দর্শন এবং অবদান সম্পর্কে গভীরে চর্চা করা প্রয়োজন ছাত্রছাত্রীদের। তাঁর একাত্ম মানব দর্শনকে বিস্তারিতভাবে জানা প্রয়োজন। একইভাবে সাভারকর প্রসঙ্গেও বলা হয়েছে, দেশের স্বাধীনতার আগে এবং পরে তাঁর বৈপ্লবিক যাত্রা ও রাজনৈতিক চিন্তাভাবনা সম্পর্কে ছাত্রছাত্রীদের অবশ্যই অবগত থাকা উচিত। আন্দামানের জেল থেকে বেরনোর পর তিনি হিন্দু জাতীয়তাবাদ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের এহেন খসড়া প্রস্তাবের বিরোধিতায় ২৫ আগস্ট থেকে আন্দোলনে নামছে এসএফআই।

Advertisement
সম্পর্কিত সংবাদ