Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / কলকাতা

‘সরপঞ্চ সংবাদ’ অ্যাপ: কেন্দ্রের সঙ্গে সরাসরি যুক্ত হবেন পঞ্চায়েত প্রধানরা

রাজ্যের পঞ্চায়েত প্রধানদের জন্য ‘সরপঞ্চ সংবাদ’ অ্যাপ চালু। কেন্দ্রের সঙ্গে সরাসরি যোগাযোগের সুযোগ, প্রশিক্ষণ ও পুরস্কারের সুযোগ। বিস্তারিত পড়ুন।

‘সরপঞ্চ সংবাদ’ অ্যাপ: কেন্দ্রের সঙ্গে সরাসরি যুক্ত হবেন পঞ্চায়েত প্রধানরা
  • ৫ জুন, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: কেন্দ্রের সঙ্গে সরাসরি যুক্ত হতে চলেছেন রাজ্যের পঞ্চায়েত প্রধানরা। তার জন্য ‘সরপঞ্চ সংবাদ’ নামক কেন্দ্রের একটি অ্যাপে নিজেদের নাম নথিভুক্ত করতে হবে। এটা অন্যান্য রাজ্যে চালু হলেও পশ্চিমবঙ্গে তেমনভাবে কার্যকর হয়নি। এই অ্যাপের মাধ্যমে কেন্দ্র সরাসরি একজন পঞ্চায়েত প্রধানের সঙ্গে যোগাযোগ করতে পারবেন। তাঁদের অনলাইন প্রশিক্ষণ যেমন দেওয়া যাবে, তেমনই কেউ ভালো কাজ  করলে সেটা এই অ্যাপে আপলোড করা যাবে। সারা দেশের পঞ্চায়েত প্রধানরা কে কী কাজ করছেন, তার তথ্য এই অ্যাপের মাধ্যমে আদান-প্রদান করা যাবে। এই অ্যাপ সম্পর্কে জেলা স্তরে অবহিত করা হয়েছে ইতিমধ্যেই। শীঘ্রই পুরোদমে কার্যকর করা হবে এটি। রাজ্যে গ্রাম পঞ্চায়েতের সংখ্যা ৩৩৩৯। কেন্দ্র চাইছে প্রত্যেক প্রধান অ্যাপের আওতায় আসুন। মাত্র ৫১ জন নিজেদের নাম নথিভুক্ত করেছেন। অ্যাপে একবার যুক্ত হলে প্রধানরা ঘরে বসেই সরকারি প্রশিক্ষণ নিতে পারবেন। তাঁদের বিভিন্ন কাজের উপর প্রতিযোগিতা হবে। থাকবে আকর্ষণীয় পুরস্কার জেতার সুযোগ। কোনো প্রকল্প নিয়ে প্রশ্ন থাকলে প্রধানরা তা অ্যাপটির মাধ্যমেই করতে পারবেন। কেন্দ্রের মিটিংয়ে যোগদানের ক্ষেত্রে কোনো বাধা থাকবে না। ব্লক বা জেলা স্তরে কর্মশালায় অংশ নিতে তখন এই অ্যাপই হবে ভরসা। জেলা প্রশাসনের এক আধিকারিক বলেন, অ্যাপে বেশকিছু গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে। যেমন প্রশাসনিক কাজকর্মে কোনো সমস্যা হলে তার সমাধান চেয়ে প্রশ্ন করলে ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে উত্তর মিলবে। রাজ্য ও কেন্দ্রীয় সরকারি প্রকল্প নিয়েও সহজে অবগত হওয়া যাবে। সবটাই আসবে হাতের নাগালে। অনলাইন কোর্স করার সুযোগ পাবেন প্রধানরা। তা শেষ করার পর মিলবে সার্টিফিকেটও। দেশের প্রায় দেড় লক্ষ প্রধান এই অ্যাপে যুক্ত রয়েছেন। সংযুক্তি বাকি রয়েছে লক্ষাধিক প্রধানের।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ