সংবাদদাতা, কাকদ্বীপ: রক্ষণাবেক্ষণের অভাবে দীর্ঘদিন ধরে ক্ষতিগ্রস্ত অবস্থায় সপ্তমুখী নদীর সেতু। বিভিন্ন জায়গায় বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। এমনকী সেতুর লোহার রড পর্যন্ত বাইরে বেরিয়ে পড়েছে। ফলে প্রায়ই ছোটখাট দুর্ঘটনা ঘটছে। এদিকে, পাথরপ্রতিমার আঢ্যবাজার ও কাকদ্বীপের গঙ্গাধরপুর সংযোগকারী এই সেতুটি ক্ষতিগ্রস্ত হওয়ার কারণে এলাকাবাসীরাও চিন্তিত হয়ে পড়েছেন। তাঁদের দাবি, কাকদ্বীপ ও কলকাতায় যাতায়াতের ক্ষেত্রে পাথরপ্রতিমাবাসীর কাছে এই সেতুটি প্রধান সংযোগকারী মাধ্যম। কিন্তু বর্তমান সেতুটির পরিস্থিতি খুবই খারাপ। শীঘ্রই এটির মেরামত করা না হলে, আগামী দিনে আরও দুর্বল হয়ে পড়বে। এলাকাবাসীদের অভিযোগ, বিষয়টি নিয়ে বিভিন্ন দপ্তরে জানানো হলেও, এখনও পর্যন্ত কোনো সুরাহা হয়নি। এবিষয়ে পাথরপ্রতিমার এক বাসিন্দা প্রলয় পাখিরা বলেন, একটানা বৃষ্টিতে সেতুটি আরও ক্ষতিগ্রস্ত হয়ে পড়ছে। বেরিয়ে থাকা লোহার রডগুলিতে জং ধরে যাচ্ছে। এছাড়াও গর্তগুলিতে বৃষ্টির জল জমে থাকায় যাতায়াত ঝুঁকিপূর্ণ হয়ে পড়ছে। অথচ এই সেতুর উপর দিয়েই রোজ প্রচুর বাস ও লরি যাতায়াত করে। শীঘ্রই এটি মেরামত করা না হলে, কার্যক্ষমতা আরও হ্রাস পেতে পারে।



