সংবাদদাতা, রঘুনাথপুর: সাঁতুড়ি ব্লকের হাঁসডিমা-পোড়াডিহা গ্রামীণ সড়কের কাশীকুড়ি গ্রাম থেকে মানজুড়ি যাওয়ার রাস্তা বেহাল। বর্তমানে রাস্তাজুড়ে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। বর্ষায় বৃষ্টির জেরে সেই গর্তগুলিতে জল জমে রয়েছে। ফলে, ওই রাস্তা প্রায় চলাচলে অযোগ্য হয়ে পড়েছে। প্রায় দু’কিমি রাস্তা দিয়ে এলাকার ১০-১২টি গ্রামের মানুষ যাতায়াত করেন। রাস্তাটি খারাপ হওয়ায় তাঁরা সমস্যায় পড়ছেন। এই রাস্তা দিয়ে ওই সব গ্রামের মানুষ সহজেই সাঁতুড়ি ব্লকে যেতে পারেন। তাই এলাকার বাসিন্দারা দ্রুত রাস্তা সংস্কারের দাবি জানিয়েছেন। সাঁতুড়ি গ্রাম পঞ্চায়েতের প্রধান হারাধন হেমব্রম বলেন, বিষয়টি আমার জানা নেই। খোঁজ নিয়ে দেখব।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বর্তমানে কাঁচা রাস্তাটি দিয়ে কাশীকুড়ি গ্রাম হয়ে মানজুড়ি গ্রাম যাওয়া যায়। এরপর মানজুড়ি থেকে পাকা রাস্তা দিয়ে সহজেই মুরাডি রেলস্টেশন, রামচন্দ্রপুর চক্ষু হাসপাতাল, সাঁতুড়ি ব্লকে যাওয়া যায়। তা না হলে প্রায় সাত কিলোমিটার ঘুরে যেতে হয়। রাস্তাটি দিয়ে ছাতাপাথর, কালীপাহাড়ী, হাঁসডিমা, মাড়বেদিয়ার মতো গ্রামগুলি যাতায়াত করে। বছরের অন্য সময় এই রাস্তা দিয়ে যাতায়াতে কোনও অসুবিধা হয় না। কিন্তু, বর্ষায় এই রাস্তা এতটাই খারাপ হয়ে যায় যে চলাচল করা যায় না। রাস্তাটি পাকা করার জন্য এলাকার বাসিন্দারা পঞ্চায়েত থেকে ব্লক, জেলা পরিষদে জানালেও কোনও কাজ হয়নি। কাশীকুড়ি গ্রামের বাসিন্দা শিক্ষক উজ্জ্বল গোপ বলেন, এলাকার মানুষের জন্য রাস্তাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। রাস্তাটি কাঁচা থাকায় যাতায়াতের প্রচণ্ড অসুবিধা হয়। এই রাস্তা পাকা হলে এলাকার বহু মানুষ উপকৃত হবে। পুরুলিয়া জেলা পরিষদ সদস্য কমল মণ্ডল বলেন, রাস্তা পাকা করার জন্য দীর্ঘদিন ধরে ওই এলাকার বাসিন্দারা দাবি জানিয়ে আসছেন। বিষয়টি জেলা পরিষদেও জানানো হয়েছে। এই রাস্তা যাতে পাকা হয় তা বিবেচনা করা হচ্ছে।-নিজস্ব চিত্র