নিজস্ব প্রতিনিধি, কলকাতা: সন্তোষ ট্রফিতে গতবারের চ্যাম্পিয়ন বাংলা। সঞ্জয় সেনের হাত ধরে ফুটবলের মক্কায় ফুল ফুটেছে। প্রত্যাশামতো আসন্ন সন্তোষ ট্রফিতে বাংলার কোচ হলেন সঞ্জয়ই। বৃহস্পতিবার আইএফএ’র কোচেস কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। আরও একবার চ্যালেঞ্জ নিতে তৈরি আই লিগ জয়ী অভিজ্ঞ কোচ।
এদিকে, সুপার কাপের আগে জোরকদমে প্রস্তুতি চালাচ্ছে ইস্ট বেঙ্গল। জাতীয় দল ফেরত নাওরেম মহেশ, জয় গুপ্তা ও এডমুন্ড এদিন লাল-হলুদের অনুশীলনে যোগ দেন। ব্যক্তিগত কারণে কয়েকদিন ছুটি নিয়েছেন আনোয়ার আলি। উল্লেখ্য, চলতি মাসের শেষে গোয়া উড়ে যাচ্ছে অস্কার ব্রিগেড। ৪ ডিসেম্বর পাঞ্জাব এফসি’র বিরুদ্ধে সেমি-ফাইনাল খেলবেন মিগুয়েলরা। পাশাপাশি সিকিম গর্ভনর্স গোল্ড কাপের কোয়ার্টার ফাইনালে ইস্ট বেঙ্গলের সামনে সার্ভিসেস। ২৫ নভেম্বর ম্যাচটি হবে সিকিমের পালজোড় স্টেডিয়ামে।