নিজস্ব প্রতিনিধি, কলকাতা: স্পষ্ট কথায় কোনওদিনই কষ্ট নেই সঞ্জয় সেনের। ভারতীয় দলের কোচের পদে আবেদন করেছিলেন। কিন্তু তাঁর কথা ভাবাই হয়নি। খালিদ জামিলের হাতেই ব্যাটন তুলে দিয়েছে ফেডারেশন। নিজেকে বঞ্চিত মনে হচ্ছে? সঞ্জয়ের সপাটে উত্তর, ‘কিছুই প্রমাণ করার নেই। তবে জানতাম, কোচ হবে খালিদই। ১৭০ জনের বায়ো-ডেটা ভাসিয়ে দেওয়ার গল্প শুনে ক্লান্ত। পুরোটাই সাজানো।’ বোঝাই গেল, সন্তোষ ট্রফি জয়ী বাংলা কোচের মনে ঝড় বইছে। একটু থেকে তাঁর সংযোজন, ‘সবকিছুর পদ্ধতি থাকে। এখানে কোনও ইন্টারভিউ হয়নি। সমঝদারো কে লিয়ে ইশারাহি কাফি হ্যায়। তবে খালিদের প্রতি বিদ্বেষ নেই। ওকে অভিনন্দন।’



