নিজস্ব প্রতিনিধি, কলকাতা: টানা চার জয়ের পর হঠাৎই পরাজয়! তবে সপ্তাহের গোড়ায় সানরাইজার্স হায়দরাবাদের কাছে বড় ব্যবধানে হারকে মশা তাড়ানোর ভঙ্গিতে উড়িয়ে দিচ্ছে রাজস্থান। প্রধান কোচ কুমার সাঙ্গাকারার গলায় একেবারে ‘কুছ পরোয়া নেহি’ সুর। কলকাতার বিরুদ্ধে দ্বৈরথের আগে সাফ বললেন, ‘ক্রিকেটে এটা হয়েই থাকে। মুহূর্তের মধ্যে পড়ে যায় উইকেট। তারপর মনে হয় যে, এটা কী হল? আসলে প্রফুল হিঞ্জ ও সাকিব হুসেন, দুই নবীন পেসারের সামনে আমরা কিছুটা চমকে গিয়েছিলাম। ওদের স্কিল প্রশংসনীয়। তবে ভালো দিকটা হল যে, মাত্র ৯ রানে ৫ উইকেট খুইয়েও আমরা দেড়শো পেরিয়েছি।’ ছয় ম্যাচের পাঁচটিতেই হেরেছে কেকেআর। তবুও রবিবারের ম্যাচে নাইটদের হালকাভাবে নিচ্ছেন না রাজস্থান কোচ। সাঙ্গাকারার কথায়, ‘কোনও দলকেই আমরা দুর্বল ভাবি না। আর আইপিএলে অতীতের রেকর্ড গুরুত্বহীন। কলকাতা খুবই শক্তিশালী দল। হাড্ডাহাড্ডি ম্যাচই হতে চলেছে। নিজেদের কাজে ফোকাস রাখতে হবে আমাদের। সমান জরুরি পুরো ম্যাচে ধারাবাহিক থাকাও।’
চলতি আসরে আক্রমণাত্মক ক্রিকেটে মন জিতেছেন বৈভব, যশস্বীরা। তবে প্রশ্নের মুখে রাজস্থানের ক্যাপ্টেন রিয়ান পরাগ। এবারের আসরে তাঁর রান যথাক্রমে অপরাজিত ১৪, ৮, ২০, ৩ ও ৪। কৃষ্ণমাচারি শ্রীকান্তের মতো প্রাক্তন তো চাঁচাছোলা ভাষায় বলেছেন, শুধুমাত্র স্টাইলের কারণেই খেলানো হচ্ছে রিয়ানকে! রয়্যালস কোচ অবশ্য তাঁকে নিয়ে উদ্বিগ্ন নন। সাঙ্গাকারা বলেন, ‘নেটে কিন্তু ব্যাটের মাঝখান দিয়েই খেলছে রিয়ান। যেখানে পাঠাতে চাইছে সেখানেই মারছে। তবু দুর্ভাগ্যবশত ম্যাচে সাফল্য পাচ্ছে না। তবে ওর দক্ষতা রয়েছে। তাই ওকে নিয়ে আমি উদ্বিগ্ন নই।’



