নিজস্ব প্রতিনিধি, বারাসত: সন্দেশখালির ভাঙ্গিপাড়ায় তিন বিজেপি কর্মী খুনের মামলায় শেখ শাহজাহানকে তিনদিনের সিবিআই হেপাজতের নির্দেশ দিল বারাসত আদালত। মঙ্গলবার দুপুরে তাঁকে আদালতে তোলা হয়। মামলার তদন্তের জন্য শাহজাহানকে নিজেদের হেপাজতে চেয়ে আবেদন করে সিবিআই। দু-পক্ষের আইনজীবীদের সওয়াল-জবাব শোনার পরে রায় স্থগিত রাখেন বিচারক। পরে, রাতে শাহজাহানকে তিনদিনের সিবিআই হেপাজতে পাঠানোর নির্দেশ দেওয়া হয়।
২০১৯ সালের ৮ জুন সন্দেশখালির ভাঙ্গিপাড়ায় খুন হন তিন বিজেপি কর্মী— সুকান্ত মণ্ডল, দেবদাস মণ্ডল ও প্রদীপ মণ্ডল। এই ঘটনায় মোট ৩৮ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়। সেই অভিযোগে নাম ছিল শেখ শাহজাহানেরও। তবে তাঁকে গ্রেপ্তার করতে পারেনি ন্যাজাট থানার পুলিশ। এরপরে ২০২৪ সালে ইডি আধিকারিকদের উপর হামলার ঘটনায় গ্রেপ্তার হন শাহজাহান। তখন ভাঙ্গিপাড়ার ঘটনায় নিহত বিজেপি কর্মীদের পরিবারের সদস্যরা হাইকোর্টের দ্বারস্থ হন। উচ্চ আদালতের নির্দেশে ২০২৫ সালে এই খুনের মামলার তদন্তভার নেয় সিবিআই।
অন্যদিকে, তোলাবাজিসহ সংগঠিত অপরাধের মামলায় ধৃত তৃণমূল নেতা সব্যসাচী দত্তের জামিনের আবেদনও এদিন খারিজ হয়েছে। বারাসত আদালতের অতিরিক্ত জেলা জজ তাঁর জামিনের আবেদন নাকচ করেন।