Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

বিভিন্ন দাবিতে কেন্দ্রীয় সরকারকে তোপ সেলস রিপ্রেজেন্টেটিভদের

ন্যূনতম মজুরি সহ বিভিন্ন দাবিতে বিষ্ণুপুরে কেন্দ্রীয় সরকারকে তোপ দাগলেন সেলস রিপ্রেজেন্টেটিভরা।

বিভিন্ন দাবিতে কেন্দ্রীয় সরকারকে তোপ সেলস রিপ্রেজেন্টেটিভদের
  • ২৮ জুলাই, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, বিষ্ণুপুর: ন্যূনতম মজুরি সহ বিভিন্ন দাবিতে বিষ্ণুপুরে কেন্দ্রীয় সরকারকে তোপ দাগলেন সেলস রিপ্রেজেন্টেটিভরা। রবিবার বিষ্ণুপুর শহরের রামশরণ মিউজিক কলেজে অল বেঙ্গল সেলস রিপ্রেজেন্টেটিভস ইউনিয়নের ৫১তম প্রতিষ্ঠা দিবস আয়োজিত হয়। সেখানে সংগঠনের কর্মকর্তারা বলেন, ওষুধ প্রস্তুতকারী সংস্থা রিপ্রেজেন্টেটিভদের নানা সুযোগ সুবিধা থেকে বঞ্চিত করছে। প্রতিবাদ করলে সরকারি নিয়মের তোয়াক্কা না করে ছাঁটাইয়ের ভয় দেখানো হচ্ছে। সেলস রিপ্রেজেন্টেটিভদের ন্যূনতম মজুরি স্থির করার জন্য আমরা কেন্দ্রীয় সরকারের কাছে বারবার দাবি জানিয়েছি। কিন্তু, তারা আমাদের চেয়ে কোম্পানির স্বার্থকে বেশি গুরুত্ব দিচ্ছে। সেই জন্য আমরা পেশাগত নানা দাবির ভিত্তিতে লাগাতার আন্দোলন চালিয়ে যাচ্ছি। এদিন সংগঠনের প্রতিষ্ঠা দিবসে সেই দাবি আরও জোরালো করার শপথ নেওয়া হয়েছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি শান্তনু মুখোপাধ্যায়, সাধারণ সম্পাদক প্রদীপ রায় ও অভিজিৎ রায় এবং বিশিষ্ট প্রযুক্তিবিদ শঙ্খদীপ ভট্টাচার্য প্রমুখ। এদিনের অনুষ্ঠানের রাজ্যের বিভিন্ন জেলা থেকে পাঁচ শতাধিক সদস্য যোগ দেন। তাঁদের দাবি সম্বলিত পোস্টার ও ব্যানার নিয়ে শহরে মিছিল হয়।  

Advertisement

সংগঠনের সম্পাদক জয়ন্তকুমার পাঁজা বলেন, ওষুধ থেকে শুরু করে স্বাস্থ্য সরঞ্জামের দাম বৃদ্ধিতে সাধারণ মানুষ নাজেহাল। ওইসব পণ্যের উপর থেকে  জিএসটি তুলে নেওয়ার জন্য আমরা বহুবার দাবি জানিয়েছি। কিন্তু, কেন্দ্রীয় সরকারের তাতে কোনও ভ্রুক্ষেপ নেই। শ্রমিক বিরোধী শ্রমকোড তুলে নেওয়ার দাবিতে আমরা আন্দোলন চালাচ্ছি। এরাজ্যে সেলস রিপ্রেজেন্টেটিভরা ন্যূনতম মজুরি পাচ্ছেন না। রাজ্য সরকারের কাছে আমরা ন্যূনতম মজুরি ঘোষণার দাবি জানিয়েছি। এনিয়ে আলোচনা অনেকটাই এগিয়েছে। কিন্তু, নামী দামি কোম্পানির কাছে আমাদের দাবির কথা তুলে ধরলে তারা আমাদের উপর খড়্গহস্ত হচ্ছে। কেন্দ্রীয় সরকার তাতে মদত দিচ্ছে। এদিন আমাদের পেশাগত দাবি ছাড়াও সারাদেশজুড়ে ধর্মের নামে শ্রমজীবী মানুষের মধ্যে যেভাবে বিভাজন তৈরির অপচেষ্টা চলছে, তার বিরুদ্ধেও সকল মানুষকে এক হয়ে জোরালো আন্দোলন সংগঠিত করার আহ্বান জানানো হয়েছে।

Advertisement
সম্পর্কিত সংবাদ