নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: পোচিং বা বন্যজন্তু শিকার ও পাচার ভারতের একটি বড়ো সমস্যা। এই গুরুতর অপরাধ দমনে ধারাবাহিক কাজ করে যান বনদপ্তরের কর্মী-আধিকারিকরা। সুন্দরবনে শিকার ও পাচারের একাধিক চেষ্টা ব্যর্থ করে সম্মানিত হলেন এক ফরেস্ট গার্ড। বুধবার বিশ্ব ব্যাঘ্র দিবস উপলক্ষ্যে দিল্লিতে এক অনুষ্ঠান হয়। সেখানে রাজীব নস্কর নামে বন আধিকারিককে সম্মান জানানো হয়েছে। বন্যপ্রাণী সুরক্ষা ও পোচিং রোধ বিভাগে দেশের মধ্যে একমাত্র তিনিই পেয়েছেন এই পুরস্কার। ২৪ বছরের কর্মজীবনে বহু উল্লেখযোগ্য কাজ তিনি করেছেন। এবার কেন্দ্রীয় স্বীকৃতি পেয়ে খুশি ক্যানিংয়ের বাসিন্দা রাজীব। তিনি পুরস্কারটি নিজের মাকে উৎসর্গ করেছেন।
সুন্দরবনের বিভিন্ন ডিভিশন ও রেঞ্জে কাজের অভিজ্ঞতা রাজীববাবুর। গত তিনবছর ধরে সজনেখালি বিটের অধীনে থাকা এলাকায় কর্মরত। নদীবক্ষে টহলদারি থেকে শুরু করে গভীর জঙ্গলে বিচরণ। কোথাও কোনো অনৈতিক কাজের খবর এলেই দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আটকানোর লড়াই চালান। রাজীববাবু বলেন, ‘বিভিন্ন সূত্র মারফত খবর পাওয়া মাত্র নিজের টিম নিয়ে ঘটনাস্থলে পৌঁছে যেতাম। গত একবছরে তিনটি পোচিংয়ের ঘটনা আটকেছি। আমরা আগেই ঘটনাস্থলে চলে যাওয়ায় দুষ্কৃতীরা পিছু হটতে বাধ্য হয়েছিল। অসাধু কারবারিদের প্রচেষ্টা ব্যর্থ করতে পেরে আমরা খুশি।’ সুন্দরবন টাইগার রিজার্ভ সূত্রে জানা গিয়েছে, রাজীববাবুর কাজের খতিয়ান দিল্লিতে পাঠানো হয়েছিল। প্রতিবছর ন্যাশনাল টাইগার কনজারভেশন অথরিটির উদ্যোগে বিশ্ব ব্যাঘ্র দিবসের অনুষ্ঠানের আয়োজন হয় দিল্লিতে। সেখানে বিভিন্ন বিভাগে ভালো কাজ করার জন্য বনকর্মী থেকে শুরু করে আধিকারিকদের সম্মান জানানো হয়। এই রাজ্য থেকে রাজীববাবু এই পুরস্কার পেয়েছেন। তিনি বাংলার মুখ উজ্জ্বল করেছেন বলে মনে করেন টাইগার রিজার্ভের আধিকারিকরা। রাজীববাবুর হাতে সার্টিফিকেট, ৩৩ হাজার টাকার চেক ও অন্যান্য উপহার তুলে দেন কেন্দ্রীয় বনমন্ত্রী ভূপেন্দ্র যাদব। প্রসঙ্গত গতবছরও সুন্দরবন থেকে এক বন আধিকারিক পুরস্কৃত হয়েছিলেন। অর্থাৎ টানা দু’বছর সুন্দরবনের দুই আধিকারিক জাতীয়স্তরে স্বীকৃতি পেলেন।
অন্যদিকে বিশ্ব ব্যাঘ্র দিবস উপলক্ষ্যে সুন্দরবন টাইগার রিজার্ভের সজনেখালি রেঞ্জ অফিসে একটি অনুষ্ঠানের আয়োজন হয়েছিল। সেখানে টাইগার রিজার্ভের অ্যানুয়াল রিপোর্ট প্রকাশ করা হয়। দক্ষিণ ২৪ পরগনা বনবিভাগ এলাকায় এদিন কোনো অনুষ্ঠান হয়নি। প্রতিবছর ঝড়খালি ব্যাঘ্র পুনর্বাসন কেন্দ্র সাজানো হয়। এবার সেসব কিছুই করা হয়নি বলে জানা গিয়েছে।