নিজস্ব প্রতিনিধ, সিউড়ি: সাঁইথিয়া পুর এলাকায় ‘হাউজিং ফর অল’ প্রকল্পে এখনও বহু বাড়ি অসম্পূর্ণ রয়েছে। এই পরিস্থিতিতে কাজ শেষ করতে পুর কর্তৃপক্ষ উপভোক্তাদের নির্দিষ্ট সময় বেঁধে দিল। পুরসভার তরফে জানা গিয়েছে, আগামী দু’ মাসের মধ্যে সকল উপভোক্তাদের নির্মাণ শেষ করতে হবে। সেই কাজ শেষ করতে পুরসভার তরফে নির্দিষ্ট উপভোক্তাদের অ্যাকাউন্টে বাকি টাকা পাঠানোর কাজ খুব শীঘ্রই শুরু করা হবে৷ পুর চেয়ারম্যান বিপ্লব দত্ত বলেন, ফান্ড ফ্লো কম থাকার জন্য কাজের গতি কিছুটা শ্লথ হয়েছে৷ তবে, বাকি কাজ শেষ করার জন্য টাকা এসে পৌঁছেছে। আগামী সপ্তাহের মধ্যেই উপভোক্তাদের অ্যাকাউন্টে টাকা পাঠানো শুরু হবে। দু› মাসের মধ্যে কাজ শেষ করতে বলা হয়েছে। আশা করছি সেপ্টেম্বর মাস নাগাদ হাউজিং ফর অল প্রকল্পে বাকি বাড়ির কাজ শেষ হয়ে যাবে।
পুরসভার দেওয়া তথ্য অনুসারে জানা গিয়েছে, ২০১৯-২০ থেকে ২০২১-২২ পর্যন্ত তিন অর্থবর্ষ মিলিয়ে আনুমানিক ৩ হাজার ৬৫৪ জন উপভোক্তার নাম নথিভুক্ত হয়েছিল। তাঁদের মধ্যে ২৬০১ জন উপভোক্তা ইতিমধ্যে ঘর তৈরি শেষ করেছেন। যদিও ১ হাজার ৫৩ জন উপভোক্তার বাড়ি নির্মাণের কাজ এখনও শেষ হয়নি। কোনও ক্ষেত্রে লিনটেল, আবার কোনও ক্ষেত্রে ভিত অবধি হয়েই কাজ থমকে গিয়েছে। কোনও ক্ষেত্রে শুধুমাত্র ছাদের কাজ বাকি রয়েছে। ২০২০-২১ অর্থবর্ষের শেষ না হওয়া কাজের তালিকা দীর্ঘ। শুধুমাত্র এই অর্থবর্ষে ৬১৫ জন উপভোক্তার ঘরের কাজ এখনও অসম্পূর্ণ। ২০১৯-২০ অর্থবর্ষে সেই সংখ্যা ৪৪। এছাড়াও ২০২১-২২ অর্থবর্ষে ৫৬৯ উপভোক্তাদের মধ্যে মাত্র ১৭৫ জনের বাড়ির কাজ শেষ হয়েছে। বাকি ৩৯৪ জন উপভোক্তার বাড়ি এখনও শেষ হয়নি।
২০১৯-২০ থেকে শুরু করে টানা তিন অর্থবর্ষের বকেয়া কাজ শেষ করতে এবার পুর কর্তৃপক্ষ জোর দিতে শুরু করেছে। প্রাথমিকভাবে পুর কর্তৃপক্ষের দাবি, ফান্ড ফ্লো কম থাকায় কাজের গতি কিছুটা বাধাপ্রাপ্ত হয়েছিল। তবে, অসম্পূর্ণ কাজ শেষ করতে ইতিমধ্যে সুডার তরফে প্রায় ৫ কোটি টাকা এসে পৌঁছেছে। বাকি থাকা কাজের নিরিখে এবার উপভোক্তাদের অ্যাকাউন্টে সেই টাকা দেওয়া শুরু হবে। আগামী সপ্তাহ থেকেই উপভোক্তাদের অ্যাকাউন্টে টাকা পৌঁছে যাবে। এরপর উপভোক্তাদের হাতে মাত্র দু› মাস সময় থাকবে। পুরসভার স্পষ্ট বার্তা, নির্দিষ্ট সময়ের মধ্যে উপভোক্তাদের বাড়ির কাজ শেষ করতে হবে৷