নয়াদিল্লি: সারা দেশে নিজেদের ৮৮টি সম্পত্তি গৌতম আদানির কোম্পানিকে বিক্রি করতে চায় সাহারা গোষ্ঠী। এজন্য অনুমতি চেয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে তারা। এব্যাপারে কেন্দ্র, দেশের শেয়ার বাজার নিয়ন্ত্রক সংস্থা সেবি ও সাহারা গোষ্ঠীর অংশীদারদের মতামত জানতে চাইল সুপ্রিম কোর্ট। আগামী ১৭ নভেম্বরের মধ্যে তা জানাতে হবে। সাহারা ইন্ডিয়া কমার্শিয়াল কর্পোরেশন লিমিডেট (এসআইসিসিএল) যে সম্পত্তিগুলি বিক্রি করতে চায়, সেগুলির মধ্যে রয়েছে মহারাষ্ট্রে অ্যাম্বি ভ্যালি ও লখনউয়ের সাহারা শহর। লগ্নিকারীদের বকেয়া থাকা অর্থ ফেরত দিতে তারা এই সব সম্পত্তি বিক্রির আবেদন জানিয়েছে। এর পরিপ্রেক্ষিতে মঙ্গলবার প্রধান বিচারপতি বি আর গাভাই, বিচারপতি সূর্য কান্ত ও বিচারপতি এম এস সান্দ্রেশের বিশেষ বেঞ্চে এর শুনানি হয়। সেখানে সলিসিটর জেনারেল তুষার মেহতার বক্তব্যের পরিপ্রেক্ষিতে কেন্দ্রীয় অর্থ মন্ত্রককে মামলার পক্ষ করার নির্দেশ দেয় বেঞ্চ।



