নিজস্ব প্রতিনিধি, বহরমপুর: এক নাবালিকাকে ধর্ষণের অভিযোগে মঙ্গলবার এক সাধুকে গ্রেপ্তার করল বহরমপুর থানার পুলিস। ধৃতের নাম মাধব দাস। শহরের রিং রোড থেকে অভিযুক্তকে গ্রেপ্তার করে পুলিস। নির্যাতিতার মা বহরমপুর থানায় লিখিত অভিযোগ জানিয়েছেন। পুলিস পকসো ধারায় মামলা রুজু করে তদন্ত শুরু করেছে। ধৃতকে এদিন মুর্শিদাবাদ জেলা বিশেষ পকসো আদালতে তোলা হলে বিচারক একদিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন। পুনরায় বুধবার তাকে আদালতে তুলে পুলিস হেফাজতের আবেদন জানাবে বহরমপুর থানার তদন্তকারী আধিকারিক।
পুলিস সূত্রে জানা গিয়েছে, প্রায় পাঁচ বছর আগে রিং রোডের ধারে একটি আশ্রমে এসে ওই সাধু বসবাস শুরু করে। গত এপ্রিল মাসে মেয়েকে দীক্ষা দেওয়ার জন্য সাধুর কাছে নিয়ে যান নাবালিকার মা। নাবালিকার মায়ের অনুমান, ওই সময়ই এই ঘটনা ঘটেছে। ওই নাবালিকা মেয়েকে সাধু ভয় দেখায়, যদি কারোর কাছে এই ঘটনার ব্যাপারে বলে, তাহলে নাবালিকার ক্ষতি করে দেবে। ভয়ে কাউকে কিছু বলেনি ওই নাবালিকা। দিন কয়েক আগে নাবালিকা অসুস্থ হয়ে পড়লে তার মা হাসপাতালে ভর্তি করেন। তখনই তিনি সবকিছু জানতে পারেন। বিষয়টি নিয়ে সঙ্গে সঙ্গে পুলিসের দ্বারস্থ হন তিনি। পুলিস মামলা রুজু করেই অভিযুক্তকে গ্রেপ্তার করে।