নিজস্ব প্রতিনিধি, মেদিনীপুর: বাংলা ভাষার সম্মান রক্ষায় ২১জুলাইয়ের শহিদ সমাবেশ থেকে নানা কর্মসূচির ঘোষণা করেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সেই ঘোষণার পরদিনই বিশেষ বৈঠকে বসল সবং ব্লকের তৃণমূল নেতৃত্ব। বৈঠকে ছিলেন রাজ্যের মন্ত্রী মানস ভুঁইয়া, জেলা পরিষদের জনস্বাস্থ্য ও পরিবেশ কর্মাধ্যক্ষ আবু কালাম বক্স সহ প্রথম সারির নেতারা। প্রসঙ্গত, বাংলা ভাষায় কথা বলায় বিজেপি শাসিত রাজ্যগুলিতে গিয়ে হেনস্তার শিকার হচ্ছেন রাজ্যের পরিযায়ী শ্রমিকরা। সেই কথা মাথায় রেখে সবং ব্লকের প্রতিটি বুথে বিক্ষোভ কর্মসূচি করা হবে। এমনকী, বিক্ষোভ কর্মসূচি থেকে সাধারণ মানুষের পাশে থাকার বার্তা দেবে তৃণমূল নেতৃত্ব। প্রতিটি মিছিল ও পথসভায় উপস্থিত থাকবেন মন্ত্রী সহ প্রথম সারির জনপ্রতিনিধিরা।
তৃণমূল নেতারা জানান, ২১জুলাইয়ের শহিদ সমাবেশের বিপুল ভিড় দলের কর্মী-সমর্থকদের মনোবল বাড়িয়ে দিয়েছে। মানসবাবু বলেন, আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক। আমাদের ভয় দেখিয়ে লাভ হবে না। এই বিক্ষোভ কর্মসূচি থেকে পরিযায়ী শ্রমিক ও জেলার মানুষের পাশে থাকার বার্তা দেওয়া হবে। বিজেপির মুখ আর মুখোশ আলাদা হয়ে গিয়েছে।
একসময় সিপিএমের দাপটে মানুষ ভীতসন্ত্রস্ত থাকত। বাড়ি লুট, রাজনৈতিক খুন ছাড়াও ধর্ষণের ঘটনাও ঘটেছে এই এলাকায়। কঠিন পরিস্থিতিতেও মানুষের পাশে দাঁড়িয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তবে সরকার বদলের পর পরিস্থিতি বদলাতে শুরু করে। ব্লকের প্রত্যন্ত এলাকার মানুষও উন্নয়নমূলক প্রকল্পের সুবিধা পাচ্ছে। তাতে এলাকায় শান্তি প্রতিষ্ঠিত হলেও বিজেপি শাসিত রাজ্যে গিয়ে সমস্যায় পড়তে হচ্ছে সাধারণ মানুষকে। বাংলা বললেই বাংলাদেশি তকমা দিয়ে অত্যাচার করা হচ্ছে। তাই এদিনের বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, নেত্রীর নির্দেশমতো ২৭জুলাই থেকে প্রতি শনি ও রবিবার কর্মসূচি শুরু হবে। পঞ্চায়েত সমিতিতে মোট ৩৯টি আসন। ৩৯টি সভা করা হবে।
জেলা পরিষদের জনস্বাস্থ্য ও পরিবেশ কর্মাধ্যক্ষ আবু কালাম বক্স বলেন, ব্লকের ২৫৪টি বুথে লাগাতার প্রচার অভিযান চলবে। তাতে বুথস্তর ও অঞ্চলের নেতৃত্বকে উপস্থিত থাকতে হবে। বাংলা ভাষার মর্যাদা রক্ষা করতে আমরা লড়াই করব।