নিউইয়র্ক: ইউএস ওপেনে মহিলাদের সিঙ্গলসে হ্যাটট্রিকের সামনে এরিনা সাবালেঙ্কা। গত দু’বার ফ্লাশিং মিডোয় তিনিই বাজিমাত করেছিলেন। সেমি-ফাইনালে শীর্ষ বাছাই সাবালেঙ্কা ৭-৫, ৫-২ সেটে দাপটে হারান তৃতীয় বাছাই জেসিকা পেগুলাকে। চ্যাম্পিয়ন হলে ক্রিস এভার্ট ও সেরেনা উইলিয়ামসের পর তৃতীয় মহিলা হিসাবে এই আসরে হ্যাটট্রিক হবে তাঁর। তবে ফাইনালে রাস্তায় কাঁটা হয়ে দাঁড়িয়ে থাকছেন দ্বিতীয় বাছাই এলেনা রিবাকিনা। শেষ চারে তিনি ৩-৬, ৬-৪, ৬-৪ হারান কোকো গফকে। মহিলাদের সিঙ্গলসের ফাইনালে এই দু’জনের লড়াই ঘিরে আগ্রহ তুঙ্গে। এখনো পর্যন্ত দু’জনে মোট ১৭বার মুখোমুখি হয়েছেন। তারমধ্যে সাবালেঙ্কা জিতেছেন ১০টিতে। বাকি ৭টিতে জয়ী রিবাকিনা। তবে ইউএস ওপেনে এখনও পর্যন্ত খেতাব অধরা তাঁর। তাই রিবাকিনাকে মার্কিন মুলুকে প্রথমবার গ্র্যান্ড স্ল্যাম জিততে হলে ভাঙতে হবে সাবালেঙ্কার হ্যাটট্রিকের স্বপ্ন।



