সংবাদদাতা, বহরমপুর: মুর্শিদাবাদ জেলায় দীঘার জগন্নাথ মন্দিরের প্রসাদ বিলি শুরু হয়েছে। সেই প্রসাদের প্যাকেটে জগন্নাথ-বলরাম-সুভদ্রার বিগ্রহ এবং মন্দিরের সুন্দর ছবিও দেওয়া হয়েছে। সেই ছবি বাঁধানোর হিড়িক পড়েছে বহরমপুরে। উপভোক্তারা জানান, বাড়িতে বসে প্রভু জগন্নাথের প্রসাদ পাওয়াটাই ভাগ্যের ব্যাপার। সেইসঙ্গে অসাধারণ সুন্দর এই ছবি বাঁধিয়ে রাখার মতোই হয়েছে।
বহরমপুরে পাড়ায় পাড়ায় গিয়ে দীঘার জগন্নাথদেবের প্রসাদ বিলি শুরু হয়েছে। সেই প্রসাদের সঙ্গে পিছনে বিশ্ববাংলার লোগো দেওয়া ছবিটি বিলি হচ্ছে। সেটির উপরের অংশে জগন্নাথ, বলরাম ও সুভদ্রার বিগ্রহের ছবি রয়েছে। তার নীচে রয়েছে দীঘার নবনির্মিত জগন্নাথ মন্দিরের ছবি। এই ছবি বাঁধাতেই এখন হুড়োহুড়ি পড়ে গিয়েছে। বহরমপুর শক্তিমন্দির লাগোয়া এলাকায় একটি দোকানে ছবি বাঁধাতে এসেছিলেন শ্রেয়সী পাল। তিনি বলেন, ছবিটি মায়ের খুবই পছন্দ হয়েছে। তাই বাঁধাতে এসেছি। দোকান মালিক অভিজিৎ মণ্ডল বলেন, অনেকেই এই ছবি বাঁধাতে আসছেন। কেউ কাঠের ফ্রেমে বাঁধাচ্ছেন, আবার কেউ ল্যামিনেশন করে নিয়ে যাচ্ছেন।
শনিবার সূতির মাঠ এলাকায় প্রসাদ বিলি চলছিল। ভাকুড়ি-১ পঞ্চায়েত কর্তৃপক্ষ প্রসাদ বিতরণে রেশন ডিলারদের সহযোগিতা করেছে। দুপুর থেকে সূতির মাঠের তিনটি সংসদে প্রায় ৭৫০বাড়িতে প্রসাদ পৌঁছে দেওয়া হয়েছে। পঞ্চায়েতের এক সদস্য বলেন, কদমতলা, লোকনাথপল্লি, আর্যপল্লি, ঠাকুরপাড়া, হালদারপাড়া সহ একাধিক জায়গায় শিবির করে সাড়ে তিনহাজার প্রসাদের প্যাকেট বিলি করা হয়েছে।