Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

সিঙ্গুর থেকে অপহৃত যুবককে এক রাতেই উদ্ধার করল গ্রামীণ পুলিস

ভিনরাজ্যে সোনার দোকানে কাজ পাইয়ে দেওয়ার প্রলোভন দেখিয়ে সিঙ্গুরের এক যুবককে দুষ্কৃতীরা অপহরণ করেছিল। হুগলি গ্রামীণ পুলিসের বিশেষ দল অভিযান চালিয়ে সেই যুবককে বহাল তবিয়তে উদ্ধার করল।

সিঙ্গুর থেকে অপহৃত যুবককে এক  রাতেই উদ্ধার করল গ্রামীণ পুলিস
  • ১৪ জুন, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, চুঁচুড়া: ভিনরাজ্যে সোনার দোকানে কাজ পাইয়ে দেওয়ার প্রলোভন দেখিয়ে সিঙ্গুরের এক যুবককে দুষ্কৃতীরা অপহরণ করেছিল। হুগলি গ্রামীণ পুলিসের বিশেষ দল অভিযান চালিয়ে সেই যুবককে বহাল তবিয়তে উদ্ধার করল। বৃহস্পতিবার রাতের ওই ঘটনায় চার দুষ্কৃতীকে পুলিস গ্রেপ্তার করেছে। ধৃতদের শুক্রবার আদালতে তুলে নিজেদের হেফাজতে নিয়েছে পুলিস। এনিয়ে হুগলি গ্রামীণ পুলিসের অতিরিক্ত পুলিস সুপার কৃশানু রায় বলেন, সিঙ্গুর ও হরিপাল থানার পুলিস এবং আমাদের এসওজি বাহিনী সফল অভিযান চালিয়েছে। সাম্প্রতিক সময়ে আমরা অনেকগুলি বড় অপরাধ এভাবেই দমন করেছি। চারজনকে আমরা অপহরণের অভিযোগে গ্রেপ্তার করেছি। প্রাথমিকভাবে ঘটনাটি অপহরণের বলেই মনে হয়েছে। তবে অন্যকিছু ঘটনা আছে কি না, তা তদন্ত করা হবে। পুলিস সূত্রে জানা গিয়েছে, সিঙ্গুরের কামারকুণ্ডুর বাসিন্দা সাহানারা বেগম বৃহস্পতিবার রাত দশটা নাগাদ সিঙ্গুর থানায় তাঁর ছেলেকে অপহরণের অভিযোগ করেন। তিনি পুলিসকে জানান, তাঁর চব্বিশ বছরের ছেলে মাহফুজ শেখ দুপুর থেকে নিখোঁজ। রাত সাড়ে ন’টা নাগাদ একটি নম্বর থেকে তাঁর কাছে ফোন আসে। সেই ফোনে ছেলেকে অপহরণের সংবাদ দিয়ে ৮ লক্ষ টাকা মুক্তিপণ চাওয়া হয়। পুলিস জানিয়েছে, তারপরেই একটি টিম তৈরি করে অভিযান শুরু হয়। ফোন নম্বর সহ অন্যান্য সমস্ত সূত্র যাচাই করে হরিপালের কামরাজপুরের একটি ধানখেতে গিয়ে ওই যুবককে পাওয়া যায়। ঘটনাস্থল থেকে চারজন অপহরণকারীকে গ্রেপ্তার করা হয়। তারা সকলেই হরিপালের বাসিন্দা। ধৃতদের কাছে থেকে মোটর বাইক পাওয়া গিয়েছে। ওই বাইকে চাপিয়েই মাহফুজকে অপহরণ করা হয়েছিল।   

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ