উজির আলি, চাঁচল: মালদহের চাঁচল-২ ব্লকের গ্রামীণ চিকিৎসকদের উদ্যোগে অনুষ্ঠিত হল ইনফরমাল হেল্থ কেয়ার প্রোভাইডার অ্যাসোসিয়েশনের পঞ্চম বার্ষিক সম্মেলন। বুধবার মালতীপুরের একটি বেসরকারি ভবনে ছিলেন এলাকার তিন শতাধিক গ্রামীণ চিকিৎসক। অতিথি ছিলেন মালতীপুরের বিধায়ক আব্দুর রহিম বকসি, চাঁচল-২ পঞ্চায়েত সমিতির শিক্ষা কর্মাধ্যক্ষ আশরাফুল আলম, চন্দ্রপাড়া হাসপাতালের চেয়ারম্যান মহম্মদ আলি জিন্নাহ। এছাড়াও মঞ্চে ছিলেন সংগঠনের জেলা সভাপতি ডিএন মণ্ডল, জেলা চেয়ারম্যান গোলাম জিলানি মিয়াঁ, জেলা সম্পাদক মোশারফ হোসেন, প্রাক্তন জেলা সভাপতি জয়ন্তকুমার দাস ও চাঁচল-২ ব্লক কমিটির সভাপতি বরকত আলি সহ অন্যরা। সম্মেলনে সংগঠনের ভবিষ্যত রূপরেখা, চিকিৎসকদের কাজের পরিধি ও বিভিন্ন দাবি নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
রাজ্য সরকার গ্রামীণ চিকিৎসকদের বিভিন্ন সরকারি সুবিধা প্রদান করুক, এদিন সম্মেলনে জোরালো ভাবে সেই দাবি তোলা হয়। সংগঠনের দাবি, গ্রামীণ প্রত্যন্ত এলাকার সাধারণ মানুষ প্রথমে গ্রামীণ চিকিৎসকদের দ্বারস্থ হন।
প্রাথমিক চিকিৎসা পরিষেবা থেকে শুরু করে অনেক ক্ষেত্রেই জরুরি প্রাথমিক চিকিৎসা তাঁরা দিয়ে থাকেন। অথচ গ্রামীণ চিকিত্সকরা সরকারের কোনও সহযোগিতা পান না। করোনাকালে গ্রামীণ এলাকার সাধারণ মানুষের চিকিৎসার জন্য বিশেষ ভূমিকা পালন করছিলেন তাঁরা। স্বাস্থ্য ব্যবস্থার এমন গুরুত্বপূর্ণ স্তম্ভ হওয়া সত্ত্বেও তাঁরা সরকারি সুবিধা থেকে বঞ্চিত থেকে গিয়েছেন। এপ্রসঙ্গে আব্দুর রহিম বকসি বলেন,গ্রামীণ চিকিৎসকরা জনস্বাস্থ্যের গুরুত্বপূর্ণ স্তম্ভ। মহামারিতেও তাঁরা মানুষের পাশে দাঁড়িয়েছেন। তাঁরা যাতে সরকারি সুবিধা পান, বিষয়টি রাজ্যস্তরে জানানো হবে। সংগঠনের চাঁচল-২ ব্লক সভাপতি বরকত আলি বলেন,সরকার যদি আমাদের সুবিধা প্রদান করে,তাহলে গ্রামীণ স্বাস্থ্য ব্যবস্থার আরও উন্নতি হবে। সরকারি সহায়তা না পাওয়ায় বহু গ্রামীণ চিকিৎসক অন্য কাজে যুক্ত হচ্ছেন। নিজস্ব চিত্র