নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি: ‘রূপশ্রী’ প্রকল্পের টাকা না পেয়ে পঞ্চায়েত অফিসে হামলা। কর্তব্যরত অবস্থায় সরকারি কর্মীকে মারধরের অভিযোগ। এমনকী বিডিওকে ‘দেখে নেওয়া’র হুমকি। সোমবার জলপাইগুড়ির গড়ালবাড়ি পঞ্চায়েতের ওই ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে প্রশাসনের তরফে। এনামুল হক নামে ওই অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিস।
অভিযোগ, গড়ালবাড়ির শোবারহাট এলাকার বাসিন্দা এনামুল সোমবার দুপুরে অপ্রকৃতস্থ অবস্থায় পঞ্চায়েত অফিসে চড়াও হন। করোনার সময় মেয়ের বিয়ের জন্য রুপশ্রী প্রকল্পে আবেদন করলেও, এখনও পর্যন্ত কেন তিনি টাকা পাননি, তা নিয়ে পঞ্চায়েত কর্মীদের কাছে কৈফিয়ত চান। এমনকী উত্তেজিত হয়ে ওই পঞ্চায়েতে কর্মরত এক সরকারি কর্মীর গায়ে হাত তোলে। তাঁকে মারধর করে। এনিয়ে উত্তেজনা ছড়ায়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছন জলপাইগুড়ি সদরের বিডিও মিহির কর্মকার। অভিযোগ, তাঁর সঙ্গেও সমানে তর্ক করতে থাকে অভিযুক্ত ব্যক্তি। এমনকী ‘দেখে নেওয়ার’ হুমকি দেয়। এদিকে, খবর পেয়ে পুলিস অভিযুক্তকে আটক করে থানায় নিয়ে যায়। পরে লিখিত অভিযোগের পরিপ্রেক্ষিতে গ্রেপ্তার করা হয় তাকে।
যদিও সরকারি কর্মীর গায়ে হাত তোলার অভিযোগ অস্বীকার করে এনামুলের দাবি, করোনা লকডাউনের সময় মেয়ের বিয়ে দেব বলে রুপশ্রী প্রকল্পে টাকার জন্য আবেদন করেছিলাম। তারপর কয়েক বছর পেরিয়ে গেলেও, এখনও সেই টাকা পাইনি। পঞ্চায়েতে এদিন সেটাই জিজ্ঞাসা করতে গিয়েছিলাম। এনিয়ে কথাকাটি হয়। তারপর পুলিস আমাকে তুলে নিয়ে আসে। বিডিও মিহির কর্মকার বলেন, ওই ব্যক্তি রুপশ্রী প্রকল্পে আবেদন করে টাকা না পেয়ে থাকলে আমার কাছে আসতে পারতেন। কিন্তু তা বলে পঞ্চায়েতে গিয়ে অন ডিউটি সরকারি কর্মীর গায়ে হাত তুলবেন, এটা মেনে নেওয়া যায় না। তাছাড়া ঘটনাস্থলে আমি যাওয়ার পরও ওই ব্যক্তি সমানে সুর চড়িয়ে হুমকি দিয়ে যাচ্ছিলেন। আমরা থানায় অভিযোগ জানিয়েছি।’ কোতোয়ালি থানার আইসি সঞ্জয় দত্ত বলেন, লিখিত অভিযোগের ভিত্তিতে ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। গড়ালবাড়ি পঞ্চায়েতের প্রধান মাম্পি পারভীন বলেন, করোনা লকডাউনের সময় পঞ্চায়েতে অন্য বোর্ড ছিল। আমরা ২০২২ সালে বোর্ডের দায়িত্বে আসি। তবুও যদি ওই ব্যক্তি এসে আমাদের বলতেন, আমরা বিষয়টি খতিয়ে দেখতাম। কিন্তু তিনি এদিন যেভাবে পঞ্চায়েতে ঢুকে ঝামেলা পাকিয়েছেন, তা অনভিপ্রেত।
গড়ালবাড়ি পঞ্চায়েত সূত্রে খবর, লকডাউনের সময় জমা পড়া রুপশ্রী প্রকল্পে বেশ কয়েকটি আবেদন পড়ে রয়েছে। কিন্তু তার মধ্যে এনামুলের আবেদন রয়েছে কি না, তা অবশ্য নিশ্চিত করতে পারেনি পঞ্চায়েত কর্তৃপক্ষ।