Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান চূড়ান্ত করতে দফায় দফায় বৈঠক শাসকদলের

আজ, রবিবার কন্টাই কো-অপারেটিভ এগ্রিকালচার ব্যাঙ্কের চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান নির্বাচন হবে।

চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান চূড়ান্ত করতে দফায় দফায় বৈঠক শাসকদলের
  • ৮ জুন, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, তমলুক: আজ, রবিবার কন্টাই কো-অপারেটিভ এগ্রিকালচার ব্যাঙ্কের চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান নির্বাচন হবে। তার আগে নাম চূড়ান্ত করতে শনিবার দফায় দফায় জরুরি মিটিং সারল তৃণমূল নেতৃত্ব। সন্ধ্যা নাগাদ জেলা তৃণমূল সভাপতি পীযূষকান্তি পন্ডা ডিরেক্টরদের নিয়ে মিটিং করেন। সেখানে ১৪জন ডিরেক্টরের মধ্যে ১১জন উপস্থিত হন। তাঁদের মতামত নেওয়ার পর রাতে ফের আর একটি জরুরি মিটিং হয়। তৃণমূল কংগ্রেসের দুই শিবির থেকে ওই ব্যাঙ্কের বোর্ডে যাঁদের সামনে রাখার কথা ভাবা হয়েছিল নিয়মের গেরোয় তাঁরা আটকে যাচ্ছেন। এই অবস্থায় নতুন করে জটিলতা তৈরি হয়েছে।

Advertisement

ওই ব্যাঙ্কের নিয়ম অনুযায়ী, টানা দু’বার ব্যাঙ্কের বোর্ডের শীর্ষ চার পদে কেউ থাকলে তৃতীয়বার তিনি ওই চারটির মধ্যে কোনও পদে ফিরতে পারবেন না। আজ, মূল ‘অফিস বিয়ারার’ নির্বাচন হবে। তাতে শুধুমাত্র ডিরেক্টররা ভোটদান করবেন। ব্যাঙ্কের চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, সেক্রেটারি এবং প্যানেল চেয়ারম্যান নির্বাচন হবে। টানা দু’টি টার্মে কেউ ওই চার পদের যে কোনও একটিতে থাকলে তৃতীয়বার আর সুযোগ পাবেন না। ওই ব্যাঙ্কের চেয়ারম্যান পদে জেলা তৃণমূল সভাপতি পীযূষকান্তিবাবু এবং জেলা পরিষদের সভাধিপতি উত্তম বারিকের প্রথম পছন্দ নন্দদুলাল মাইতি। তিনি কাঁথি-৩ ব্লক তৃণমূল সভাপতি। পাশাপাশি বিরোধী গোষ্ঠীর দুরমুঠ অঞ্চল তৃণমূল সভাপতি শ্যামল দাসকে হারিয়ে ডিরেক্টর হয়েছেন। 
যদিও নন্দদুলালবাবুর চেয়ারম্যান হওয়ার পথে নিয়ম বাধা হয়ে দাঁড়িয়েছে। কারণ, তিনি ওই সমবায় কৃষি ব্যাঙ্কে পর পর দু’টি টার্মে প্যানেল চেয়ারম্যান ছিলেন। তাই তাঁকে চেয়ারম্যান করলে আইনি ঝামেলা তৈরি হতে পারে। অপরদিকে, ভগবানপুর-২ ব্লক থেকে ডেলিগেট নির্বাচনে প্রার্থী হয়েও শাসকদলের গোষ্ঠী রাজনীতির শিকার হয়ে ঘোষণা করে লড়াই থেকে সরতে হয়েছিল স্বপন দাসকে। তিনি গড়বাড়ি-১ পঞ্চায়েতের প্রধান ও জেলা পরিষদের প্রাক্তন পূর্ত কর্মাধ্যক্ষ। সভাধিপতি বিরোধী শিবিরের সুপারিশে তিনি ওই ব্যাঙ্কের সরকারি নমিনি। শুধু সরকারি নমিনি নয়, তাঁকে ব্যাঙ্কের সেক্রেটারি করতে উঠেপড়ে লেগেছিল কাঁথির তৃণমূলের বিপক্ষ শিবির। কারণ, স্বপনবাবুও ওই ব্যাঙ্কের পরপর দু’টি টার্মে প্যানেল চেয়ারম্যান ও সেক্রেটারি ছিলেন। এই অবস্থায় বিশেষ বিজ্ঞপ্তি দিয়ে তাঁকে আরও একবার সেক্রেটারি করার জন্য সমবায় মন্ত্রীর দ্বারস্থ হয়েছিল বিপক্ষ গোষ্ঠী। কিন্তু, সেই পরিকল্পনা বাস্তবায়িত হয়নি। তাই স্বপনবাবুকে সেক্রেটারির করার পরিকল্পনাও আইনে আটকে যাচ্ছে। এই অবস্থায় শনিবার দু’পক্ষ আলাদা করে কাঁথিতে মিটিং করেছে। তবে কন্টাই কো-অপারেটিভ ব্যাঙ্কে চেয়ারম্যান পদে এবার নতুন মুখ নিশ্চিত।

Advertisement
সম্পর্কিত সংবাদ