Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

রাত ১০টায় ফের গর্ভগৃহে প্রবেশ করবেন মদনমোহন

রাত ১০টায় ফের গর্ভগৃহে প্রবেশ করবেন মদনমোহন
  • ৩০ নভেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, কোচবিহার: রাস উৎসব উপলক্ষে একপক্ষকাল বারান্দায় বসে ভক্তদের দর্শন দিয়েছেন মদনমোহন। আজ, শনিবার দিনভর দর্শন দিয়ে রাতে মন্দিরের গর্ভগৃহে প্রবেশ করবেন তিনি। আর এরমধ্যে দিয়েই শেষ হবে এ বছরের রাস উৎসব। আজই মন্দির প্রাঙ্গণে ধর্মীয় অনুষ্ঠানের শেষদিন। 
Advertisement
এদিকে, শনিবারই শেষ হচ্ছে রাসমেলাও। এবার মেলাতে পর্যাপ্ত ব্যবসা না হওয়ায় মন ভালো নেই ব্যবসায়ীদের। অনেকেই বহু টাকা লগ্নি করেও সেই টাকা ঘরে তুলতে পারেননি বলে জানিয়েছেন। বৃহস্পতিবার পর্যন্ত মেলায় বিক্রির পরিমাণ ১৩০ কোটি টাকা বলে কোচবিহার জেলা ব্যবসায়ী সমিতির অনুমান। শুক্র ও শনিবার রাত পর্যন্ত আরও বিকিকিনি হবে। তবে গতবছরের মতো ব্যবসা এবারের রাসমেলায় হল না বলেই দাবি অনেক ব্যবসায়ীর। 
রাসমেলা শুরুর আগেই প্রশাসনের পক্ষ থেকে ২৫ দিনের রাসমেলার কথা বলা হয়েছিল। পরে রাসমেলার দিন বৃদ্ধি করার জন্য পুরসভা ও প্রশাসনের মধ্যে যথেষ্ট টানাপোড়েন চলেছে। ব্যবসায়ীদের পক্ষ থেকেও দিন বৃদ্ধির আবেদন জানানো হয়েছিল। কিন্তু প্রশাসনের পক্ষ থেকে শুক্রবার পর্যন্ত কোনও সাড়া মেলেনি। জেলাশাসক অরবিন্দকুমার মিনাও কয়েকদিন আগে সাফ জানিয়ে দিয়েছিলেন, মেলা শুরুর আগে ল্যান্সডাউন হলের বৈঠকে যে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল সেটাই বহাল থাকবে। কোচবিহার পুরসভার চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষও শুক্রবার দুপুরে রাসমেলার প্রেস কর্নারে বসে রাসমেলার দিনবৃদ্ধি প্রসঙ্গে কোনও মন্তব্য করতে চাননি। 
কোচবিহারের মহকুমা শাসক কুণাল বন্দ্যোপাধ্যায় বলেন, একপক্ষকাল রাসযাত্রার প্রথাগত রীতি অনুসারে শনিবার মদনমোহন মন্দিরের গর্ভগৃহে ফিরে যাবেন। এর মাধ্যমেই রাস উৎসবের অনুষ্ঠান শেষ হবে। মদনমোহন মন্দিরের কর্মী সমর চক্রবর্তী বলেন, শনিবার রাত ১০টায় মদনমোহন মন্দিরের গর্ভগৃহে যাবেন। ডাঙ্গরআই, রাজমাতা মন্দিরের বিগ্রহ রবিবার দুপুরে আহারের পর বিকেলে নিজ নিজ মন্দিরে ফিরবেন। রবিবার রাত ৮টায় মদনমোহনের শয়ান হবে। 
কোচবিহার জেলা ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক সুরজকুমার ঘোষ বলেন, শুক্রবার পর্যন্ত রাসমেলায় প্রায় ১৩০ কোটি টাকার ব্যবসা হয়েছে। গতবার রাসমেলায় প্রায় ২০০ কোটি টাকার ব্যবস্যা হয়েছিল। এবারের ব্যবসায় ব্যবসায়ীদের মন ভরেনি।
সম্পর্কিত সংবাদ