নিজস্ব প্রতিনিধি, কোচবিহার: রাসমেলার সাংস্কৃতিক মঞ্চে এবার নতুন সংযোজন ‘সাহিত্য বাসর’। একটানা ১৪ দিনে এই মঞ্চে অংশ নিয়েছেন শতাধিক কবি-সাহিত্যিক। চলেছে কবিতাপাঠ, আলোচনা। শনিবার রাসমেলার শেষ দিনে সাংস্কৃতিক মঞ্চে ছিল সাংবাদিকদের নিয়ে ‘টক শো’। জানা গিয়েছে, গত প্রায় এক পক্ষকাল ধরে চলা রাসমেলার সাংস্কৃতিক মঞ্চে স্থানীয়, কলকাতা, মুম্বই থেকে প্রচুর শিল্পী অনুষ্ঠান করেছেন। দর্শক, শ্রোতা ছিল চোখে পড়ার মতো। স্থানীয় ভাওয়াইয়া সঙ্গীত থেকে শুরু করে আধুনিক, হিন্দি সব ধরনের গানই মঞ্চে দর্শকদের দৃষ্টি আকর্ষণ করেছে। মঞ্চ পরিচালনার দায়িত্বে ছিলেন কোচবিহারের বিশিষ্ট প্রাবন্ধিক দেবব্রত চাকি। ছিলেন কবি সুবীর সরকার। রাসমেলার সাংস্কৃতিক মঞ্চে এই ধরনের অনুষ্ঠানের আয়োজনের মূল উদ্যোগ ছিল কোচবিহার পুরসভার চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষের।



