সংবাদদাতা, ঘাটাল: এলাকায় চোলাই মদ বিক্রেতাদের হাতেনাতে ধরিয়ে দিলেই নগদ পাঁচ হাজার টাকা পুরস্কার দেওয়া হবে। গ্রাম থেকে চোলাই মদ বিক্রি বন্ধ করতে ও মজুত রুখতে রবিবার রাতে মিছিল করে এমনই ঘোষণা করলেন ঘাটাল থানার রথিপুর গ্রামের বাসিন্দারা। গ্রামবাসীদের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন আবগারি দপ্তরের ঘাটাল রেঞ্জের ডেপুটি কালেক্টর আশিসকুমার নন্দ গোস্বামী। তিনি বলেন, আমরা প্রত্যেকটি এলাকায় নিয়মিতি চোলাই মদের বিরুদ্ধে অভিযান চালাচ্ছি। তবুও চোলাই মদ তোলার বিষয়ে স্থানীয় বাসিন্দারা যদি এভাবে সদর্থক ভূমিকা গ্রহণ করেন তাহলে চোলাই মদ উচ্ছেদের কাজ করাটা আরও সুবিধা হবে।
রথিপুর গ্রামে বর্তমানে চোলাই মদ সেভাবে তৈরি হয় না। গ্রামের মানুষজনের অভিযোগ, ওই গ্রাম থেকে কিছুটা দূরে দন্দিপুরে বহু পরিবার চোলাই মদ তৈরি করে। সেখান থেকে ভোরে বা অন্ধকারে চোলাই মদ কিনে নিয়ে গিয়ে রথিপুর গ্রামের প্রায় ১২-১৪টি পরিবার বিক্রি করে চলেছে। হাতের সামনে চোলাই মদ পেয়ে বহু পরিবারে অশান্তি বাড়ছিল। চোলাই মদের প্রভাবে গৃহবধূদের মারধর, সংসার চালাতে খরচ না দেওয়া, বাড়িতে পড়াশোনার পরিবেশ নষ্ট করা সহ নানারকম সমস্যা চলত। রথিপুর গ্রামের বাসিন্দাদের অভিযোগ, একাধিকবার পুলিশ ও আবাগারি দপ্তরকে জানিয়েও কোনও লাভ হয়নি। ওই গ্রামের বাসিন্দা শ্রীমন্ত মিদ্যা, বিশ্বনাথ মাইতি, শান্তি সাঁতরা প্রমুখ বলেন, চোলাই বিক্রি বন্ধ রুখতে পারলেই মদ্যপানের প্রবণতা কমবে। সেকারণেই কয়েকদিন আগে একটি মিটিং করি। সেখানেই সর্বসম্মতিক্রমে ঠিক করা হয় চোলাই মদ বিক্রেতা বা মজুতদারকে ধরিয়ে দিলেই গ্রামের পক্ষ থেকে পাঁচ হাজার টাকা পুরস্কার দেওয়া হবে।
ওই সিদ্ধান্তের কথা সারা গ্রামের এলাকার বাসিন্দাদের জানিয়ে দিতে রবিবার সন্ধ্যায় এলাকায় একটি র্যালি করা হয়। সেই র্যালি থেকে চোলাই মদ বিক্রির বিরুদ্ধে হুঁশিয়ারি দেওয়ার পাশাপাশি ওই পুরস্কারের কথা ঘোষণা করা হয় বলে শ্রীমন্তবাবু জানান।
গ্রামবাসীদের এই সিদ্ধান্তে সব চাইতে খুশি ভুক্তভোগী মহিলারা। ওই গ্রামের এক যুবক ১৫ বছর থেকে চোলাই পান করে নানারকম রোগ ভুগছেন। একসময় মদ্যপানের জন্য বাড়ি থেকে বহু সামগ্রী লুকিয়ে বিক্রিও করেছেন। তাঁর স্ত্রী বলেন, এবার বোধহয় আমাদের সুখের দিন আসতে চলেছে।
ঘাটাল থানার এক আধিকারিক জানান, পুলিশ ইতিমধ্যেই এলাকায় টহল বাড়িয়েছে। তাঁর কথায়, চোলাই মদ বিক্রি বা তৈরির অভিযোগ আমরা গুরুত্ব দিয়ে দেখছি। স্থানীয়দের সহযোগিতা পেলে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।