নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: বিমানবন্দরে ধরা পড়ার পর ক্যানিং পশ্চিমের তৃণমূল বিধায়ক পরেশরাম দাসের ব্যাগ থেকে মিলেছে দু’লক্ষ টাকা নগদ ও ৬টি দামি মোবাইল ফোন। তাঁর কলকাতা থেকে মুম্বইয়ের বিমানে ওঠার কথা ছিল। তদন্তকারীরা মনে করছেন, মুম্বই থেকে অন্যত্র পালিয়ে যাওয়ার হয়ত পরিকল্পনা ছিল পরেশরামের। গোটা বিষয়টি খতিয়ে দেখছেন তাঁরা। এদিকে, পরেশবাবুর সঙ্গে বিমানবন্দর থেকে গ্রেপ্তার করা হয়েছে এক সিভিক ভলান্টিয়ারকে। ধৃতের নাম বিকাশ সাহানি। একটি মারামারির ঘটনায় নাম জড়িয়েছিল তাঁর। পরেশের সঙ্গে তাঁর সম্পর্ক কী, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। সোমবার বিধায়ককে গ্রেপ্তারের পর বিমানবন্দর থেকে রাতে নিয়ে আসা হয় নরেন্দ্রপুর থানায়। সেখানকার লক-আপে রাত কেটেছে তাঁর। মঙ্গলবার সকালে আলিপুর আদালতে তাঁকে তোলা হলে বিচারক সাতদিনের পুলিশ হেপাজতের নির্দেশ দিয়েছেন।
এদিকে পুলিশ সূত্রে জানা গিয়েছে, পরেশবাবুর বিরুদ্ধে কমপক্ষে ২০ থেকে ২৪টি অভিযোগ রয়েছে ক্যানিং থানায়। বারুইপুর পুলিশ জেলার অতিরিক্ত সুপার (জোনাল) অতীশ বিশ্বাস বলেন, সবটা খতিয়ে দেখা হচ্ছে। আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
আদালতে পরেশরাম। -নিজস্ব চিত্র



