নিজস্ব প্রতিনিধি, কলকাতা: সাপ-লুডোর লড়াইয়ে জমে উঠেছে বেঙ্গল সুপার লিগ। সোমবার ছিল দু’টি ম্যাচ। প্রথম খেলায় উত্তর ২৪ পরগনা এফসিকে ২-০ ব্যবধানে হারিয়ে লিগ টেবিলে শীর্ষস্থান পুনরুদ্ধার করল জেএইচআর রয়্যাল সিটি এফসি। শাহিদ রামনের দলের হয়ে স্কোরশিটে নাম তুললেন রবি হাঁসদা ও রিজওয়ান। উল্লেখ্য, ছ’টি গোল করে এই মুহূর্তে সর্বাধিক গোলদাতার তালিকায় শীর্ষে রবি। আট ম্যাচে রয়্যাল সিটির সংগ্রহ ১৭ পয়েন্ট। পক্ষান্তরে সমসংখ্যক ম্যাচে উত্তর ২৪ পরগনার সংগ্রহ ১১ পয়েন্ট। চতুর্থ স্থানে রয়েছে তারা। দ্বিতীয় ম্যাচে উত্তরবঙ্গ এফসিকে ১-০ গোলে হারাল বর্ধমান ব্লাস্টার্স। এদিন প্রায় মাঝমাঠ থেকে দুরন্ত শটে জাল কাঁপালেন লতিফ কিয়েম্বা। চলতি লিগের অন্যতম সেরা গোল এটি। ৮ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে উঠে এল সন্দীপ নন্দী ব্রিগেড। পক্ষান্তরে, ৮ ম্যাচে ১০ পয়েন্ট সংগ্রহ করেছে উত্তরবঙ্গের দলটি। তবে গোলপার্থক্যে পিছিয়ে ষষ্ঠ স্থানে রয়েছে তারা।



