Bartaman Logo
২৬ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / চতুষ্পর্ণী

ঘরোয়া উপাদানে তৈরি রুম ফ্রেশনার

বাড়িতে একটা মনোরম ও সুগন্ধময় পরিবেশ তৈরি করতে রুম ফ্রেশনারের জুড়ি মেলা ভার। পুজোর সময় নানা অতিথি আসবেন বাড়িতে।

ঘরোয়া উপাদানে তৈরি রুম ফ্রেশনার
  • ২৬ সেপ্টেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

 পছন্দমতো সাশ্রয়ী রুম ফ্রেশনার তৈরি করবেন কীভাবে?

Advertisement

বাড়িতে একটা মনোরম ও সুগন্ধময় পরিবেশ তৈরি করতে রুম ফ্রেশনারের জুড়ি মেলা ভার। পুজোর সময় নানা অতিথি আসবেন বাড়িতে। ঘর সুন্দর করে সাজিয়ে রাখার অন্যতম উপকরণ রুম ফ্রেশনার। বাজারচলতি প্রচুর রুম ফ্রেশনার থাকলেও, তা ব্যয়সাপেক্ষ। বাড়িতে থাকা ৩টি উপাদান ব্যবহার করে মাত্র ৫ মিনিটেই পছন্দমতো সাশ্রয়ী এবং সতেজ প্রাকৃতিক রুম ফ্রেশনার তৈরি করে নিতে পারেন। এমনকি, বাড়ির পোষ্য প্রাণী ও শিশুদের আশপাশে ব্যবহারের জন্যও তা সম্পূর্ণ নিরাপদ। জেনে নিন খুব সহজেই কীভাবে বাড়িতে তৈরি করা যায় রুম ফ্রেশনার। 
কী কী লাগবে? 
• একটা পরিষ্কার স্প্রে বোতল।
• জল। সাধারণ জল আগে থেকে ফুটিয়ে পুরোপুরি ঠান্ডা করে নেবেন।
• আপনার পছন্দের যেকোনো এসেনশিয়াল অয়েল যেমন: ল্যাভেন্ডার, ভ্যানিলা বা অন্য কিছু।
• গন্ধহীন উইচ হেজেল। এটি একটি গুল্মজাতীয় উদ্ভিদ।
প্রথম ধাপ: প্রথমেই স্প্রে বোতলটিকে ধুয়ে পরিষ্কার করে নিন। এরপর সেই বোতলে ৩০-৩৫ ফোঁটা যেকোনো এসেনশিয়াল অয়েল দিন।
দ্বিতীয় ধাপ: বোতলে অর্ধেক পূর্ণ না হওয়া পর্যন্ত উইচ হ্যাজেল ঢালুন। এবং বোতলের বাকি অর্ধেক অংশটি জল দিয়ে ভর্তি করে নিন।
তৃতীয় ধাপ: বোতলে থাকা উপাদানগুলো ভালোভাবে মেশানোর জন্য সেটিকে ভালো ভাবে ঝাঁকিয়ে নিন। প্রত্যেকটি উপাদান একে অপরের সঙ্গে ভালোভাবে মিশে গেলেই প্রস্তুত আপনার পছন্দের সুগন্ধিযুক্ত একটি সম্পূর্ণ প্রাকৃতিক রুম ফ্রেশনার, যার কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই। অফিস থেকে বাড়ি কিংবা গাড়ি, যেকোনো জায়গাতেই আপনি ব্যবহার করতে পারেন এই রুম ফ্রেশনার, যা নিমেষের মধ্যেই আপনার মন ভালো করে দেবে।
প্রিয় রুম ফ্রেশনারের গন্ধ বেশিক্ষণ ঘরে টিকিয়ে রাখার জন্য, সরাসরি বাতাসে স্প্রে না করে, এমন কিছু জায়গায় স্প্রে করতে পারেন যা ঘরে সুগন্ধ বেশিক্ষণ টিকিয়ে রাখে।
• বসার ঘরের ক্ষেত্রে সোফার কভার, চেয়ারের কভার, ডাইনিং টেবিলের কভারের চারদিক, কুশন, জানলার পর্দাতে ব্যবহার করুন রুম ফ্রেশনার। 
• রান্নাঘরের ক্ষেত্রে ব্যবহার করতে পারেন পরদা বা ডোর ম্যাটে।
• শোওয়ার ঘরের ক্ষেত্রে বিছানার চাদর, বালিশের কভার, জানলার পর্দায় দিন। 
• বাথরুমের ক্ষেত্রে দরজার বাইরে থাকা কার্পেট, বাথরুমের ভিতরে থাকা হাত তোয়ালে।
এইসব জায়গায় স্প্রে করলে দীর্ঘক্ষণ ঘরে সুগন্ধ থাকে। তবে দিনের নির্দিষ্ট সময় বা বিশেষ উপলক্ষ্য অনুযায়ী রুম ফ্রেশনার ব্যবহার করলে এর কার্যকারিতা বাড়ে। বাড়িতে অতিথি আসার কিছুক্ষণ আগে, বসার ঘরে সামান্য স্প্রে করে দিন। এতে ঘরটি মুহূর্তের মধ্যেই আরও সতেজ ও মনোরম সুবাসে ভরে উঠবে এবং সুগন্ধটি দীর্ঘক্ষণ থাকবে।
তবে শুধু ব্যবহারই নয় রুম ফ্রেশনারের গুণমান ও স্থায়িত্ব বজায় রাখার জন্য সঠিক উপায়ে সংরক্ষণ করাও জরুরি। ব্যবহারের পর বোতলটি সবসময় সোজাভাবে রাখুন, যাতে কোনোভাবে সুগন্ধিটি নষ্ট না হয়। বোতলের মুখটিও ভালোভাবে আটকে রাখা জরুরি, নয়তো সুগন্ধি উবে যেতে পারে। বোতলটি সরাসরি সূর্যালোক বা তাপের উৎস থেকে দূরে কোনো বাক্স বা ড্রয়ারে রাখতে পারেন। আলো ও তাপমাত্রার পরিবর্তন এসেনশিয়াল অয়েলের গুণমান নষ্ট করতে পারে, যার ফলে এর কার্যকারিতা নষ্ট হতে পারে।

আরাত্রিকা চক্রবর্তী

Advertisement
সম্পর্কিত সংবাদ