রিয়াধ: আগামী বছর ফেব্রুয়ারিতে ৪১ বছর পূর্ণ করবেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। পেশাদার ফুটবল এই বয়সে পৌঁছনোর অনেক আগেই বুটজোড়া তুলে রাখার সিদ্ধান্ত নেন সিংহভাগ ফুটবলার। তবে পর্তুগিজ মহাতারকা অন্য ধাতু দিয়ে গড়া। কঠোর পরিশ্রম আর ঈর্ষণীয় ফিটনেসের কারণে এই বয়সেই চুটিয়ে খেলছেন সিআরসেভেন। শুধু তাই নয়, ৪০ বছর বয়সে বাইসাইকেল কিকে অবিশ্বাস্য গোলে তাক লাগালেন রোনাল্ডো। রবিবার সৌদি প্রো লিগে আল খালেজের বিপক্ষে দেখা গেল এই দৃশ্য। ম্যাচের সংযোজিত সময়ে ডানপ্রান্ত থেকে নাওয়াফ বাওশালের ভাসানো সেন্টার থেকে শরীর শূন্যে ছুড়ে বাইসাইকেল কিক নেন পর্তুগিজ মহাতারকা। বল জালে জড়াতেই গর্জে ওঠে গ্যালারি। নিমেষেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল সেই ভিডিও। ম্যাচে ৪-১ ব্যবধানে জয় পায় আল নাসের। রোনাল্ডোর পাশাপাশি স্কোরশিটে নাম তোলেন হোয়াও ফেলিক্স, ওয়েসলে ও সাদিও মানে। এই জয়ের সুবাদে সৌদি লিগে টানা ৯টি ম্যাচ জিতে ২৭ পয়েন্ট নিয়ে তালিকায় শীর্ষস্থান ধরে রাখল আল নাসের। দ্বিতীয় স্থানে থাকা আল হিলালের (৯ ম্যাচে ২৩ পয়েন্ট) চেয়ে ৪ পয়েন্টে এগিয়ে রোনাল্ডোরা।



