লিসবন: আগামী ৫ ফেব্রুয়ারি ৪২ বছরে পা দেবেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। এই বয়সে পৌঁছনোর আগেই বুটজোড়া তুলে রাখেন অধিকাংশ ফুটবলার। সেখানে মার্কিন মুলুকে কেরিয়ারের ষষ্ঠ বিশ্বকাপ খেলতে নামবেন পর্তুগিজ মহাতারকা। সিআরসেভেনকে সামনে রেখেই বিশ্বসেরা মুকুট অর্জনের স্বপ্নে বিভোর পর্তুগাল। অনেকেই ভেবেছিলেন, ২০২২ বিশ্বকাপের পরই হয়তো আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানাবেন রোনাল্ডো। তবে সবাইকে ভুল প্রমাণ করে আজও একইভাবে নিজেকে মেলে ধরছেন তিনি। আর রোনাল্ডোর এই ধারাবাহিকতার নেপথ্যে রয়েছে প্রতিভা, অভিজ্ঞতা আর মানসিকতা। এই তিনটি কারণের জন্যই আজও তিনি জাতীয় দলের অপরিহার্য সদস্য বলেই মন্তব্য করেছেন পর্তুগাল কোচ রোবার্তো মার্তিনেজ।
আসন্ন বিশ্বকাপে গ্রুপ কে’তে রয়েছে পর্তুগাল। কলম্বিয়া, উজবেকিস্তান ও বাছাই পর্বের একটি দলের বিরুদ্ধে লড়বেন রোনাল্ডোরা। তবে সব কিছু ঠিক থাকলে বিশ্বকাপের কোয়ার্টার-ফাইনালে গতবারের চ্যাম্পিয়ন আর্জেন্তিনার মুখোমুখি হতে পারে পর্তুগাল। সেক্ষেত্রে কাপ যুদ্ধের লড়াইয়ে প্রথমবারের জন্য মেসি-রোনাল্ডো দ্বৈরথের সাক্ষী থাকবে ফুটবল বিশ্ব। পর্তুগাল কোচ মার্তিনেজ অবশ্য এখনই সেসব নিয়ে ভাবতে নারাজ। বরং তিনি চান, রোনাল্ডো বিশ্বকাপের প্রতিটি মুহূর্ত উপভোগ করুক। পর্তুগাল কোচ বলেন, ‘রোনাল্ডো সবসময় সেরা হওয়ার লক্ষ্যে মাঠে নামে। ওর মধ্যে এক আলাদা খিদে রয়েছে। একজন সফল ফুটবলারের মধ্যে আমরা সব সময় তিনটি স্তম্ভ দেখি। প্রতিভা, অভিজ্ঞতা ও মানসিকতা। রোনাল্ডোর মধ্যে সেই সবক’টি গুণই উপস্থিত। ও শুধু দলে থাকার জন্য মাঠে নামে না, সবসময় কিছু না কিছু করার জন্য নিজের উপর চাপ তৈরি করে নেয়। আর এটাই ওকে বাকিদের থেকে আলাদা করে তুলেছে। শেষ ৩০ ম্যাচে ২৫টি গোল তার প্রমাণ।’
এদিকে, এএফসি চ্যাম্পিয়ন্স লিগ টু’র গ্রুপ পর্বে জয়ের ধারা অব্যাহত আল নাসেরের। বুধবার তারা ৫-১ ব্যবধানে হারাল আল জাওয়ারাকে। গোল না পেলেও, চেনা মেজাজেই ধরা দিলেন রোনাল্ডো। প্রথমার্ধের শেষলগ্নে তাঁর পাস থেকে জাল কাঁপান হোয়াও ফেলিক্স।