মায়ামি: সাফল্য বদলে দেয় সবকিছুই। উজবেকিস্তানের বিরুদ্ধে ফাইভ স্টার পারফরম্যান্সের পর পর্তুগালের ড্রেসিং-রুমেও কলকল ঝরনার শব্দ। প্রথম ম্যাচে কঙ্গোর বিরুদ্ধে ড্রয়ের পর রোনাল্ডোদের নিয়ে কম চর্চা হয়নি। দল বিচ্ছিন্ন দ্বীপের মতো। নেটো, বের্নার্ডো সিলভা, ব্রুনো ফার্নান্ডেজরা নাকি সিআরসেভেনকে বল বাড়াচ্ছেন না। চোরাস্রোত ঘিরে পর্তুগাল থেকে আগত সাংবাদিকরাও উত্তেজিত। অথচ একটা জয়েই বক্স অফিস সুপার হিট। ঐক্যবদ্ধ পর্তুগালের স্লোগান আছড়ে পড়ছে মায়ামি টাওয়ার, ফোর্ট লৌরাডেলের আনাচেকানাচে। রোনাল্ডোর জার্সি পরে ঘুরে বেড়ানো পর্তুগিজ দম্পতির মুখেও চওড়া হাসি। রবিবার ভারতীয় সময় ভোর পাঁচটায় গ্রুপের শেষ ম্যাচে পর্তুগালের সামনে কলম্বিয়া। ‘কে’ গ্রুপ থেকে পরের রাউন্ডে পৌঁছাবে কারা? সমীকরণ অনেকটাই নির্ভরশীল এই ম্যাচের উপর।
২ ম্যাচে ৬ পয়েন্ট কলম্বিয়ার। ঠিক দু’পয়েন্ট পিছিয়ে ইউসেবিওর দেশ। রোনাল্ডোরা জিতলে শীর্ষে থেকেই নক-আউটের টিকিট পকেটে পুরবেন। কিন্তু কলম্বিয়া পুরো পয়েন্ট পেলে অনেক যদি -কিন্তুর উপস্থিতি নিশ্চিত। কারণ, অপর ম্যাচে কঙ্গোর সামনে উজবেকিস্তান। এই ম্যাচে কঙ্গো জিতলে পয়েন্টের বিচারে ছুঁয়ে ফেলবে পর্তুগালকে। তবে কোচ রবার্তো মার্তিনেজ এত অংক কষতে নারাজ। উজবেকিস্তানকে গোলের মালা পরানোর পর ফিরে তাকাতে চান না তিনি। ৪-২-৩-১ ফর্মেশন পাপড়ি মেলতে তৈরি। এদিন মূল স্টেডিয়াম থেকে ১১০ কিলোমিটার দূরে অনুশীলন করল মার্তিনেজ ব্রিগেড। ব্রুনো, নেটো, মেন্দেসদের ঘেরাটোপে সিআরসেভেন। উজবেকিস্তানের বিরুদ্ধে জোড়া গোলের পর পর্তুগিজ মহাতারকা আরো চনমনে। মেগা যুদ্ধে তিনিই সেনাপতি। ভিতিনহা, নেটো, নেভেসরা ঘোড়া, গজ সাজিয়ে তৈরি। মেসি, নেইমার ইতিমধ্যেই পরের রাউন্ডে। কামান দাগছেন এমবাপে। হাঁটুর বয়সি লামিনে ইয়ামালও উজ্জ্বল। এবার রাউন্ড অব থার্টি টু’তে পর্তুগাল পৌঁছালেই সিনেমা ব্লকবাস্টার হিট। তবে হিসাব গুলিয়ে দিতে তৈরি ভালদেরামা, আসপ্রিয়ার দেশ। বাড়া ভাতে ছাই দিতে কলম্বিয়ার জুড়ি নেই। টাফ অ্যান্ড প্রেসিং ফুটবল তাদের রক্তে। জুনিগার ভয়ঙ্কর ট্যাকল ব্রাজিল বিশ্বকাপ থেকেই ছিটকে দিয়েছিল নেইমারকে। কোপা আমেরিকায় তাবড় প্রতিপক্ষও সমীহ করে কলম্বিয়াকে। নেস্টর লরেঞ্জোর দল প্রথম দুটো ম্যাচেই পুরো পয়েন্ট তুলে নিয়েছে। অভিজ্ঞ হামেস রডরিগেজ তুখোড় ফর্মে। দীর্ঘদিন একটা সেট টিম ধরে রেখেছে কলম্বিয়া। ব্যক্তিগত মুন্সিয়ানা বনাম টিম গেমের যুদ্ধে এক ইঞ্চি জমি ছাড়তে নারাজ ভালদেরামার দেশ।