মাদ্রিদ: আগামী মঙ্গলবার সৌদি সুপার কাপের সেমি-ফাইনাল ম্যাচ দিয়ে নতুন মরশুমের অভিযান শুরু করবে আল নাসের। প্রতিপক্ষ গতবারের লিগ চ্যাম্পিয়ন আল এতিহাদ। সেই ম্যাচের লড়াইয়ে নামার আগে খুব একটা স্বস্তিতে নেই ক্রিশ্চিয়ানো রোনাল্ডো অ্যান্ড কোং। রবিবার প্রাক মরশুম প্রস্তুতি ম্যাচে স্প্যানিশ ক্লাব আলমেরিয়ার কাছে ২-৩ গোলে বশ মানল আল নাসের। জোড়া লক্ষ্যভেদেও দলকে হারের হাত থেকে রক্ষা করতে ব্যর্থ সিআরসেভেন।
রবিবার ম্যাচের শুরুতেই সের্গিও আরিবাসের গোলে লিড নেয় আলমেরিয়া। তবে সেই ধাক্কা সামলে দ্রুত ম্যাচে ফেরে সৌদি ক্লাবটি। ১৭ মিনিটে দলকে সমতায় ফেরান রোনাল্ডো। এরপর ৩৯ মিনিটে পেনাল্টি থেকে লক্ষ্যভেদে আল নাসেরকে ২-১ ব্যবধানে এগিয়ে দেন তিনি। তবে সেই লিড ধরে রাখতে ব্যর্থ তারা। রক্ষণের ব্যর্থতায় প্রথমার্ধের শেষলগ্নেই স্কোর দাঁড়ায় ২-২। আলমেরিয়াকে লড়াইয়ে ফেরান আদ্রি এমবাররা। এরপর দ্বিতীয়ার্ধে তাঁর দ্বিতীয় গোলেই জয় নিশ্চিত করে স্প্যানিশ ক্লাবটি। এদিকে, দীর্ঘদিনের বান্ধবী জর্জিনাকে বিয়ে করতে চলেছেন রোনাল্ডো। সোমবার সোশ্যাল মিডায়ায় এনগেজমেন্ট রিংয়ের ছবি পোস্ট করেছেন জর্জিনা।



