ফ্লোরিডা: দিনটা ছিল ২০২৫ সালের ৩ জুলাই। স্পেনের জামোরা প্রদেশে ভয়াবহ গাড়ি দুর্ঘটনায় প্রাণ হারিয়েছিলেন পর্তুগিজ ফুটবলার ডিয়েগো জোতা। মাত্র ২৮ বছর বয়সেই তাঁর এভাবে চলে যাওয়াটা মেনে নিতে পারেননি সতীর্থরা। নিয়তি বাদ না সাধলে হয়তো চলতি বিশ্বকাপে রোনাল্ডো-ব্রুনোদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে লড়তে দেখা যেত তাঁকে। প্রাক্তন সতীর্থকে শ্রদ্ধা জানাতে বিশ্বকাপের আসরে জোতার নামাঙ্কিত বিশেষ রিস্ট ব্যান্ড পরে খেলবেন পর্তুগালের ফুটবলাররা। আমেরিকায় পা রাখার সময় রোনাল্ডোর হাতে ইতিমধ্যে দেখা গিয়েছে সেই ব্যান্ড। আসলে কাপযুদ্ধের মাঝপথেই যে জোতার মৃত্যুবার্ষিকী!
ভারতীয় সময় শনিবার ভোররাতে আমেরিকায় পা রাখে পর্তুগাল। ফ্লোরিডার গার্ডেন নর্থ কাউন্টি ডিস্ট্রিকটস পার্কে আপাতত ঘাঁটি গেড়েছেন রোনাল্ডোরা। প্রথম ম্যাচের আগে এখানেই ট্রেনিং করবেন তাঁরা। রবিবার মার্কিন মুলুকে প্রথমবার অনুশীলন সারল পর্তুগিজ বাহিনী। স্ট্র্যাটেজি গোপন রাখতে এদিন রুদ্ধদ্বার অনুশীলন করান কোচ রবার্তো মার্তিনেজ। কেরিয়ারের ষষ্ঠ বিশ্বকাপে খেলতে চলেছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। বর্ণময় ফুটবল জীবনে বহু ট্রফিই জিতেছেন সিআরসেভেন। নেই শুধু বিশ্বকাপ। অধরা মাধুরী লাভে মরিয়া তিনি। বিশ্বকাপের আগে দেশের মাটিতে আয়োজিত দু’টি প্রস্তুতি ম্যাচে একেবারেই দাগ কাটতে পারেননি পর্তুগিজ মহাতারকা। তবে বড় মঞ্চে কীভাবে জ্বলে উঠতে হয়, তা রোনাল্ডোর চেয়ে ভালো কেউ জানেন না। বয়স বেড়েছে ঠিকই, তবে তাঁর গোলের খিদে আজও একই রয়েছে। ক্লাব ফুটবলে নিয়মিত জাল কাঁপিয়েছেন। এবার বিশ্বকাপের আসরে নিজেকে মেলে ধরতে প্রস্তুত ‘দ্য গোট’।
গত কয়েকটি বিশ্বকাপের তুলনায় এবারের পর্তুগাল দল অনেক বেশি শক্তিশালী। প্রতিটি বিভাগে তারকা ফুটবলারের ছড়াছড়ি। ডিয়েগো কোস্তা, রুবেন ডিয়াজ, হোয়াও কানসেলো, নুনো মেন্ডিজ, বের্নার্দো সিলভা, ভিতিনহা, হোয়াও ফেলিক্সরা বড় মঞ্চে সেরাটা মেলে ধরতে সক্ষম। কোচ রবার্তো মার্তিনেজের প্রশিক্ষণে অতীতে বিশ্বকাপের সেমি-ফাইনালে পৌঁছেছিল বেলজিয়াম। বর্তমানে তিনি রোনাল্ডোদের দায়িত্বে। তাই মার্তিনেজের প্রশিক্ষণে রোনাল্ডোদের নিয়ে স্বপ্ন দেখতেই পারেন পর্তুগিজরা।