লন্ডন: লর্ডস টেস্টে যন্ত্রণাদায়ক পরাজয়ের রেশ যাচ্ছে না কিছুতেই। ভারতীয় শিবির রীতিমতো বিষণ্ণ। এমন বাতাবরণের মধ্যেই মঙ্গলবার ইংল্যান্ডের রাজা তৃতীয় চার্লসের সঙ্গে সৌজন্য সাক্ষাতে উঠল এই পরাজয়ের প্রসঙ্গ। স্বয়ং চার্লসই জানতে চাইলেন, মহম্মদ সিরাজ দুর্ভাগ্যজনকভাবে আউট হওয়ার পর মনের অবস্থা কী হয়েছিল? ক্যাপ্টেন শুভমান গিল পরে বলেন, ‘উনি বলেন যে, আমাদের শেষ ব্যাটসম্যান দুর্ভাগ্যজনকভাবে আউট হয়েছে। তারপরই জানতে চান, ওই আউটের পর আমরা ভেঙে পড়েছিলাম কি না। জবাবে বলেছি যে, সদ্যসমাপ্ত টেস্টে ভাগ্যের সহায়তা মেলেনি। তবে পরের দুই টেস্টে তা থেকে বঞ্চিত হব না।’ অর্থাৎ, পরাজয়ের ধাক্কা সামলে সিরিজে ফেরার বার্তা দিলেন তিনি।
তবে পাঁচ ম্যাচের সিরিজে ১-২ ফলে পিছিয়ে পড়ার আপশোস থেকেই যাচ্ছে। গিল বলেছেন, ‘আমরা জিততেই পারতাম এই টেস্ট। শারীরিক ও মানসিকভাবে উজাড় করে দিয়েছিলাম। কোনও টেস্ট পঞ্চম দিনের শেষ সেশন পর্যন্ত গড়ানোর পর মাত্র ২২ রানে হারলে খারাপ লাগবেই। তবে এই ম্যাচে জয়ী ক্রিকেটই।’ লন্ডনের ক্লারেন্স হাউসে ভারতের পুরুষ ও মহিলা ক্রিকেট দলের সঙ্গে চার্লসের সাক্ষাতে বারবার ওঠে লর্ডস টেস্টের প্রসঙ্গ। ঋষভ পন্থ, যশপ্রীত বুমরাহ থেকে শুরু করে কোচ গৌতম গম্ভীর, সবার সঙ্গেই কথা বলেন ৭৬ বছর বয়সি। আকাশদীপের কাছে জানতে চান তাঁর ক্যান্সার আক্রান্ত অসুস্থ দিদির কথাও। চার্লসের এমন মানবিক আচরণে মুগ্ধ টিম ইন্ডিয়া। ভারতের মহিলা দলের ক্রিকেটারদের সঙ্গেও কথা বলেন তিনি, তোলেন গ্রুপফটো। আপ্লুত মহিলা দলের ক্যাপ্টেন হরমনপ্রীত কাউর বলেছেন, ‘দুর্দান্ত অভিজ্ঞতা। এর আগে অনেকবার ইংল্যান্ডে এসেছি আমরা। কিন্তু এই প্রথমবার রাজার সঙ্গে দেখা হল। উনি খুবই বন্ধুত্বপূর্ণ ভাবে কথা বললেন।’
রবীন্দ্র জাদেজা, ঋষভ পন্থ, লোকেশ রাহুলরা এই অনুষ্ঠানের পর চলে এলেন ম্যাঞ্চেস্টারে। ২৩ জুলাই ওল্ড ট্রাফোর্ডে শুরু অ্যান্ডারসন-তেন্ডুলকর ট্রফির চতুর্থ টেস্ট। শোনা যাচ্ছে, পিচে ঘাস থাকতে চলেছে। ফলে ভারতের প্রথম এগারো নিয়ে ফের শুরু জল্পনা। তিন নম্বরে ক্রমাগত ব্যর্থ করুণ নায়ারকে বাদ দেওয়ার দাবি উঠছে। চতুর্থ পেসার হিসেবে অর্শদীপ সিংকে খেলানোর কথাও ভাসছে। পাশাপাশি থাকছে জল্পনা, যশপ্রীত বুমরাহ কি খেলবেন? নাকি বিশ্রাম দেওয়া হবে তাঁকে, আলোচনা চলছে। টানা তিনটি টেস্টে খেলা সিরাজের ওয়ার্কলোড নিয়েও ভাবছে দল। স্বয়ং তিনি এদিন সোশ্যাল মিডিয়ায় আউটের পর পিচে হাঁটু গেড়ে বসে থাকার ছবি পোস্ট করে লেখেন, ‘কিছু ম্যাচ চিরদিন স্মৃতিতে জায়গা করে নেয়। তবে তা ফলাফলের জন্য নয়। সেই ম্যাচ থেকে পাওয়া শিক্ষার জন্য।’
এদিকে, টেস্ট ক্রিকেট থেকে অবসর নিলেও রোহিত শর্মা ও বিরাট কোহলিকে একদিনের ফরম্যাটে দেখা যাবে বলে জানিয়েছেন বোর্ডের সহ-সভাপতি রাজীব শুক্লা। তিনি জানিয়েছেন, পঞ্চাশ ওভারের ক্রিকেটে নেতৃত্ব দেবেন রোহিতই। অর্থাৎ, টেস্ট অধিনায়ক গিলকে এখনই একদিনের ফরম্যাটে নেতা হিসেবে ভাবা হচ্ছে না। আর বিরাট-রোহিতও এই ঘরানায় দেশের জার্সিতে নামবেন মাঠে।